Advertisement
E-Paper

হরিয়ানায় পুলিশকর্তার দফতরের কাছে ‘গ্যাংওয়ার’! চলল ৩০ রাউন্ড গুলি, সংঘর্ষে হত এক কুখ্যাত দুষ্কৃতী

প্রশ্ন উঠছে, কাছেই আইজি-র দফতর। এ রকম একটি সংবেদনশীল এবং নিরাপত্তায় ঘেরা এলাকায় কী ভাবে এ রকম ঘটনা ঘটল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

হরিয়ানার রোহতকে রাজ্যের পুলিশকর্তা তথা ইনস্পেক্টর জেনারেলের (আইজি) দফতরের কাছে এলোপাথাড়ি গুলি চলল। দুই দুষ্কৃতী গ্যাংয়ের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আর এই ঘটনাকে ঘিরেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, আইজি-র দফতর থেকে কিছুটা দূরে এক দুষ্কৃতীকে ঘিরে ফেলে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। প্রায় ৩০ রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর। ব্যস্ত রাস্তায় গুলি চলায় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। কিন্তু তত ক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, এই হামলায় দীনেশ গোগা নামে এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, হামলার কিছু ক্ষণ পরেই সমাজমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে লেখা ছিল, ‘জয় ভোলে কী’। সেই সঙ্গে দাবি করা হয়, আমেরিকায় বসে এই হামলার নির্দেশ দিয়েছিলেন কুখ্যাত দুষ্কৃতী হিমাংশু ভাউ এবং নীরজ ফরিদপুরীয়া। শুধু তা-ই নয়, সেই পোস্টে আরও কয়েক জনের নাম উল্লেখ করে শাসানোও হয়েছে বলে তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন। কয়েক জন পুলিশকর্মীর নামও উল্লেখ করা হয়েছে সেই লেখায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীনেশ একটি গাড়িতে ছিলেন। সেই সময় কয়েক জন দুষ্কৃতী এসে তাঁর গাড়ি ঘিরে ধরে। তার পরই শুরু হয় গুলিবর্ষণ। প্রশ্ন উঠছে, কাছেই আইজি-র দফতর। এ রকম একটি সংবেদনশীল এবং নিরাপত্তায় ঘেরা এলাকায় কী ভাবে এ রকম ঘটনা ঘটল? পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে।

Rohtak
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy