Advertisement
E-Paper

গুজরাতে একের পর এক স্কুল বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি! ছড়াল আতঙ্ক, ইমেলে বার্তা: ‘খলিস্তান বানিয়ে দেব’

দিল্লির পরে এ বার গুজরাত। সোমবার অহমদাবাদ এবং বডোদরার বেশ কিছু স্কুলে হুমকি ইমেল গিয়েছে বলে অভিযোগ। স্কুলগুলিকে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে খলিস্তানপন্থী বার্তাও দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৮
স্কুলের মধ্যে তল্লাশি।

স্কুলের মধ্যে তল্লাশি। —ফাইল চিত্র।

গুজরাতের অহমদাবাদে একের পর এক স্কুলে ছড়াল বোমাতঙ্ক। বডোদরার কিছু স্কুলও বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সোমবার সকালে দুই শহর মিলিয়ে প্রায় ১৩টি স্কুলে বোমাতঙ্ক ছ়ড়িয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। অহমদাবাদের জেলা শিক্ষা আধিকারিক জানান, হুমকি ইমেলগুলিতে খলিস্তানপন্থী বার্তা দেওয়া ছিল। সেখানে লেখা আছে, “ভারতকে খলিস্তান বানিয়ে দেব।”

সোমবার সকালে স্কুলগুলি খোলার পরে এই হুমকি ইমেলগুলি নজরে আসে। প্রায় সবগুলি ইমেলেরই ভাষ্য একই। বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে স্কুলগুলিকে। এই হুমকি ইমেলগুলি স্কুল কর্তৃপক্ষের নজরে আসতেই তাঁরা পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ওই স্কুলগুলিতে ডগ স্কোয়াড নিয়ে পৌঁছে গিয়েছে পুলিশ। বম্ব স্কোয়াডও পৌঁছেছে স্কুলগুলিতে। প্রতিটি স্কুলে তল্লাশি শুরু হয়েছে। তবে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।

কে বা কারা এই হুমকি দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইমেল প্রেরককে চিহ্নিত করার চেষ্টা শুরু করেছেন তদন্তকারীরা। অতীতেও গুজরাতে বিভিন্ন সময়ে এই ধরনের বোমাতঙ্ক ছড়িয়েছে। এমনকি স্কুলেও বোমা থাকার হুমকি ইমেল গিয়েছে। তবে শেষপর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি।

গত বছরের গুজরাতের পোরবন্দরের এক স্কুলে এই ধরনের হুমকি ইমেল গিয়েছিল। এমনকি গুজরাত হাই কোর্টেও আরডিএক্স লুকিয়ে রাখার ভুয়ো তথ্য দিয়ে হুমকিবার্তা পাঠানো হয়েছিল গত বছর। তবে সাম্প্রতিক সময়ে এই ধরনের হুমকি-ইমেলের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত শুক্রবার সকালে দিল্লির বিভিন্ন স্কুলে হুমকি ইমেল যায়। বলা হয়, বোমায় স্কুল উড়িয়ে দেওয়া হবে। ওই ইমেল পাওয়ার পরে দ্রুত পড়ুয়াদের স্কুল ছুটি দিয়ে দেন কর্তৃপক্ষ। কিন্তু তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু মেলেনি। এ বার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল গুজরাতের অহমদাবাদে।

Gujarat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy