গরিব দরদি সাজতে মরিয়া চেষ্টা বিজেপির
নিজস্ব সংবাদদাতা • বেঙ্গালুরু
গরিব-বিরোধী, কৃষক-বিরোধী এবং শিল্পপতিদের বন্ধু— নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এই স্লোগান তুলে প্রচারে নেমেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তাতে ভোটব্যাঙ্কে টান ধরতে পারে বলে মনে করছেন বিজেপি নেতৃত্বের একাংশ। তাই নিজেদের গরিব-দরদি ভাবমূর্তি তুলে ধরতে সচেষ্ট হল বিজেপি। সেটা স্পষ্ট হয়ে গেল বেঙ্গালুরুতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে। আর তার ফলে প্রশ্ন উঠে গেল, এই পথে হাঁটতে গিয়ে শেষে উন্নয়ন থেকে দূরে সরে যাবে না তো মোদী সরকার? বেঙ্গালুরুতে জাতীয় কর্মসমিতির বৈঠকে চলতি বছরকে ‘গরিব কল্যাণ বর্ষ’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এখানেই না থেমে শিল্প করিডর প্রসঙ্গে টেনে এনেছে গরিবদের লাভের বিষয়টি। শিল্প করিডর শিল্পপতিদের হাতে দেওয়া নিয়ে বিরোধী সমালোচনার জবাবে বিজেপির দাবি: এই করিডরগুলিতে গরিব-দলিতরাই চাকরি পাবেন। অর্থাৎ আখেরে লাভ হবে গরিবদেরই। পাশাপাশি জমি বিল নিয়ে প্রচার পুস্তিকায় গরিবদের লাভের কথা ফলাও করে বলেছে বিজেপি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করা হয়েছে গরিবদের ‘মসিহা’ হিসেবে। এমনকী, স্বচ্ছতা অভিযানেও গরিবদেরই লাভ হবে বলে প্রচার শুরু করেছেন বিজেপি নেতারা। ইন্দিরা গাঁধীর সেই ‘গরিবি হটাও’-এর ঢঙেই যেন প্রচার শুরু করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নিজে এ দিন বলেন, এখন আর আমি আমি না করে আমরা বলুন। তা হলেই একযোগে উন্নয়নের পথে হাঁটা সম্ভব হবে। তবে তিনি যা-ই বলুন, তাঁকে গরিবের মসিহা বলে উল্লেখ করে যে পুস্তিকাটি প্রকাশ করা হয়েছে, সেটিতে শুধু মোদীরই ভজনা করা হয়েছে বলে মনে করছেন অনেকে। তাঁদের বক্তব্য, এটাও কংগ্রেসি রাজনীতির এক দুর্বল দিক, যেটা বিজেপির মধ্যে ঢুকে পড়েছে।
নয়া তোপ কিরণের, চাপে কেজরীবাল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
আম আদমি পার্টির ঘরের লড়াইকে আরও উস্কে দিতে এ বার অরবিন্দ কেজরীবালের বিরোধী শিবিরের পাশে দাঁড়ালেন কিরণ বেদী। বছর তিনেক আগে অণ্ণা হজারে যখন দিল্লিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন তখন তাঁর অন্যতম দুই সহযোদ্ধা ছিলেন বেদী ও কেজরীবাল। কিন্তু পরে রাজনৈতিক দল গঠন নিয়ে অণ্ণার সঙ্গে কেজরীবালের মতভেদ সৃষ্টি হয়। তখন অণ্ণার পাশে থাকার সিদ্ধান্ত নেন বেদী। পরে দিল্লি বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে কেজরীবালকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। এখন আম আদমি পার্টিতে একের পর এক বিদ্রোহে যখন রীতিমতো অস্বস্তিতে কেজরীবাল, তখন তাঁকে নতুন ভাবে আক্রমণ করেছেন বেদী। সম্প্রতি কেজরীবালের স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে প্রশ্ন তুলে দলে বিদ্রোহের ডাক দিয়েছেন প্রশান্ত ভূষণ ও যোগেন্দ্র যাদব। বিরোধী শিবিরের সেই বক্তব্যকে কার্যত সমর্থন করে বেদী বলেছেন, ‘‘এখন বুঝতে পারছেন তো কেন আমি ও আরও বেশ কিছু নেতা আগেই সরে এসেছিলাম।’’ আজ ফের কেজরীবালকে খোলা চিঠি লিখেছেন প্রশান্ত ভূষণ। জানিয়েছেন, ‘‘দলের সঙ্গে আপনি যা করছেন তাতে ভগবান ও ইতিহাস কোনও দিন আপনাকে ক্ষমা করবে না। দিল্লিতে এমন বিপুল জয়ের পরে নিজের ভাল দিকগুলি দেশের সামনে তুলে ধরা উচিত ছিল আপনার। পরিবর্তে নেতিবাচক দিকগুলিই আপনার সামনে এসে পড়ছে।’’
পেট্রাপোল-খুলনায় ট্রেন চালাতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের ঢাকা পর্যন্ত যাত্রিবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ অনেক বছর আগেই চালু হয়েছে। এ বার বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের খুলনা পর্যন্ত আরও একটি যাত্রিবাহী ট্রেন চালাতে উদ্যোগী হয়েছে দুই দেশই। কী ভাবে ট্রেনটি চলাচল করবে শনিবার বনগাঁয় গিয়ে তার প্রাথমিক পর্যায় পরিদর্শন করলেন ভারত সরকারের অভিবাসন, শুল্ক, রেল দফতর এবং বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা। ওই কর্তারা এ দিন বনগাঁ স্টেশন থেকে পেট্রাপোল পর্যন্ত ঘুরে দেখেন। ছিলেন বিএসএফের আধিকারিকেরাও। আর কিছু দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ যাওয়ার কথা। অনেক বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা হবে। তার আগে এই কাজটি কিছুটা সেরে রাখা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। আলোচনা হয়েছে মূলত পরিকাঠামো নিয়ে। জিরো পয়েন্ট থেকে পেট্রাপোল স্টেশন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রেলপথে একটি করিডর তৈরি করতে হবে। ট্রেনটি এ দেশে ঢোকার পর কেউ যাতে নামতে না পারেন তার জন্য দরজা-জানালা বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে।
পুলিশের গুলিতে মৃত্যু সন্দেহভাজন দুই সিমির
সংবাদ সংস্থা • হায়দরাবাদ
পুলিশের সঙ্গে সংঘর্ষে আজ তেলঙ্গানার নালগোণ্ডায় নিহত হল দুই দুষ্কৃতী। ঘটনায় এক কনস্টেবলেরও মৃত্যু হয়েছে। আহত দুই পুলিশকর্মী। পুলিশের অনুমান এরা দু’জন সিমি জঙ্গি গোষ্ঠীর সদস্য। গত বৃহস্পতিবার সূর্যপেত শহরে বাসে নিয়মমাফিক তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তখনই দুই কনস্টেবলকে গুলি করে পালায় ওই দুই দুষ্কৃতী। ঘটনায় আহত হন আরও তিন পুলিশকর্মী। সেই ঘটনার পরেই গোটা জেলায় পুলিশ বিশেষ সতর্কতা জারি করে। আজ সকালে স্থানীয় এক বাসিন্দার বাইকে চেপে রাজ্য থেকে পালানোর চেষ্টা করছিল ওই দুই দুষ্কৃতী। সেই সময়েই পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয় তাদের। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। ২০১৩ সালে মধ্যপ্রদেশের জেল থেকে পালিয়ে গিয়েছিল পাঁচ জন সিমি জঙ্গি। পুলিশের অনুমান, এই দু’জন সেই দলেরই সদস্য। তাদের নাম— আসলাম এবং জাকির হুসেন। পুলিশের অনুমান ২০১৪ সালে ফেব্রুয়ারি মাসে করিমনগরে ব্যাঙ্ক ডাকাতি, মে মাসে চেন্নাই রেল স্টেশনে বিস্ফোরণ-সহ বেশ কিছু অপরাধে এরা জড়িত। তবে তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী এন নরসিংহ রেড্ডি বলেছেন, ‘‘এদের কোনও জঙ্গি যোগ নেই। এ সবের কোনও প্রশ্নই ওঠে না। এরা এক দল ডাকাত।’’
লে-তে মৃত ৪ জওয়ান
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর
হঠাৎই নেমে এল তুষারধস। নিমেষে গিলে ফেলল সেনার একটি গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জওয়ানের। খোঁজ মিলছে না আরও এক জনের। লাদাখের লে-র এই ঘটনায় সদর দফতর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওই অঞ্চল। আটকে পড়েছেন বহু পর্যটক। শুক্রবার সন্ধ্যায় তুষারধস নেমে আসে লে জেলার সদর দফতর থেকে ১০০ কিলোমিটার দূরে চাং লা-য়। লে থেকে প্যানগং লেক যাওয়ার পথে পড়ে চাং লা। ওই রাস্তায় দিয়েই যাচ্ছিল সেনার একটি গাড়ি। হঠাৎই নেমে আসে তুষারধস। গিলে ফেলে গাড়িটিকে। গাড়িতে থাকা পাঁচ জওয়ানই চাপা পড়ে যান ধসে। পরে চার জনের সন্ধান পাওয়া গেলেও পঞ্চম জনের খোঁজ মেলেনি।
কাছাড়ে ধৃত নাগা জঙ্গি
নিজস্ব সংবাদদাতা• শিলচর
কাছাড়ের গ্রাম থেকে জঙ্গিকর সংগ্রহ করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল নাগাল্যান্ডের এক জঙ্গিনেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই জঙ্গিনেতা এনএসসিএন খাপলাঙ গোষ্ঠীর লেফটেন্যান্ট করপোরাল। জিরিঘাট থানার রংমাইগাঙ এলাকায় ঘাঁটি গেড়ে বিভিন্ন গ্রাম থেকে ভয় দেখিয়ে অর্থ আদায় করছিল ওই জঙ্গিনেতা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে দলবল নিয়ে অভিযানে নামে পুলিশ। আজ ভোরে তাকে রঙমাইগাঙ থেকে গ্রেফতার করা হয়। ওই জঙ্গি নেতার কাছ থেকে পুলিশ এনএসসিএন-খাপলাঙ গোষ্ঠীর একটি লেটারপ্যাড পেয়েছে।
আগাম রঙ্গালি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
বিহু আসছে। তার আগে ভিন রাজ্যের পর্যটক ও পর্যটন সংস্থার কাছে অসমের সংস্কৃতিকে তুলে ধরতে গুয়াহাটির খানাপাড়ায় শুরু হয়েছে তিন দিনের ‘রঙ্গালি’ উত্সব। মিসিং, রাভা, ডিমাসা, কার্বিদের নাচে-গানে জমে উঠেছে উদ্ধোধনী অনুষ্ঠান।
কাঠগড়ায় মণিপুরের স্পিকার
বাবার নামের জায়গায় শ্বশুরের নাম লেখা ও নিজের নামের প্রথমাংশ পালটে দিয়ে হলফনামা দাখিল করায় মণিপুর বিধানসভার স্পিকার থকচম লোকেশ্বরকে তলব করল ইম্ফলের মুখ্য বিচারবিভাগীয় আদালত। লোকেশ্বরের নামে আদালতে মিথ্যা হলফনামা দাখিল করার অভিযোগ দায়ের করেছিলেন গত নির্বাচনে তাঁর বিরুদ্ধে খুংদ্রাকপাম কেন্দ্রে লড়ে পরাজিত এনসিপি প্রার্থী নামোইজাম সিংহজিত্। তিনি অভিযোগে দাবি করেন, ২০১২-র ভোটে মনোনয়ন পত্রের সঙ্গে লোকেশ্বর যে হলফনামা দেন, সেখানে নিজের নাম লেখেন থকচম লোকেশ্বর। বাবার নাম প্রয়াত টি নবকুমার সিংহ ও শিক্ষাগত যোগ্যতা মণিপুর বিশ্ববিদ্যালয় থেতে ইতিহাসে এমএ। কিন্তু, বাস্তবে, মণিপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পাশ করার সময় তাঁর নাম ছিল ওইনাম লোকেশ্বর। লোকেশ্বরের স্ত্রী নিবেদিতা দেবীর বাবার নাম নবকুমার সিংহ। সেই নাম নিজের বাবার নাম হিসাবে লিখেছেন লোকেশ্বর। আদালত ১৬ এপ্রিল স্পিকারকে তলব করেছে।
ধৃত তিন জঙ্গি
মুম্বই থেকে ধরা পড়ল শোণিতপুর গণহত্যায় জড়িত ৩ এনডিএফবি জঙ্গি। শুক্রবার রাতে অসম পুলিশের সাহােয্য মুম্বই পুলিশের বিশেষ সন্ত্রাসদমন দল নভি মুম্বই থেকে তাদের ধরে। অসম থেকে পালিয়ে তারা মুম্বইয়ের তালোজা এলাকার একটি হিমঘরে কাজ করছিল।
ছাত্রীকে ধর্ষণ
১৩ বছরের ছাত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক শিক্ষক। তামিলনাড়ুর শ্রীপেরুমপুদুরের একটি সরকারি স্কুলের ঘটনা। শুক্রবার অভিযুক্ত শিক্ষককে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলের কম্পিউটার রুমে নিয়ে গিয়ে বহু বার ধর্ষণ করে ওই শিক্ষক। নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
রণবীর নিজস্বী
অস্ত্রোপচারের ঠিক আগে নিজস্বী তুলে টুইটারে আপলোড করলেন অভিনেতা রণবীর সিংহ। একটি ছবির শ্যুটিংয়ে কাঁধে চোট পান তিনি। টুইটারের ছবিতে দেখা যাচ্ছে অস্ত্রোপচারের টেবিলে শুয়ে হাসছেন অভিনেতা।
বরাক বিচিত্রা
কাছাড়
৫ এপ্রিল-নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ স্মারক স্তম্ভের উন্মোচন, বিকেল ৩টে। অসম রাজ্য কর্মচারী পরিষদের লক্ষ্মীপুর মহকুমা অধিবেশন, পয়লাপুল কমিউনিটি হল, দুপুর ২টো। স্বর্ণশিল্পী সংস্থা আয়োজিত ‘বসে আঁকো’ প্রতিযোগিতা, দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়, সকাল ১১টা। অল আসাম নাগাল্যান্ড পেনসনার্স অ্যাসোসিয়েশনের বরাক উপত্যকা শাখার সভা, অধরচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সকাল ১১টা। ৬ এপ্রিল-স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাপানিজ এনকেফেলাইটিজ টিকাকরণ শিবির, রোটারি ক্লাবগৃহ, সকাল ৯টা। টেট উত্তীর্ণদের পদযাত্রা, নরসিংহটোলা ময়দান থেকে, সকাল ১০টা। ১১ এপ্রিল-বরাককণ্ঠ ও পুলিশ নাট্য দলের যৌথ উদ্যোগে যাত্রানুষ্ঠান, জেলা গ্রন্থাগার প্রাঙ্গণ, সন্ধ্যা ৭টা।
করিমগঞ্জ
৫ এপ্রিল-জেলা ক্রীড়া সংস্থায় শুরু ফুটবলের দলবদল। বিএসএফ রোড একাদশ বনাম গ্যাংস্টার একাদশ, উত্তর কাঁঠালতলি সুমনা নকআউট ফুটবল। ৬ এপ্রিল-প্রশাসনের উদ্যোগে মাইক সেট বিতরণ, জেলা গ্রন্থাগার প্রাঙ্গণ, সকাল ১০টা। ৭ এপ্রিল-মাধ্যমিক পরীক্ষায় পঞ্চাশ শতাংশের অধিক নম্বর প্রাপকদের ট্যাবলেট পিসি বিতরণ, জেলা গ্রন্থাগার, সকাল ১১টা। ১০ এপ্রিল-করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন। ১১ এপ্রিল-লোক আদালত। সকাল ১০টা।
জয়পুরের আকাশে চন্দ্রগ্রহণ। শনিবার। ছবি: পিটিআই।
ফুলের মেলা। শ্রীনগরের টিউলিপ উদ্যান। ছবি: পিটিআই।