Advertisement
E-Paper

টুকরো খবর

ন’বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের মামলার রায় হল আজ। ঘটনার ন’বছর পর। কাছাড়ের জেলা ও দায়রা বিচারক কে চৌধুরী দক্ষিণ মোহনপুরের শাহনওয়াজ লস্করকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা। এই টাকা দিতে না পারলে আরও দু’বছরের কারাবাসের কথাও বলা হয়েছে রায়ে। ২০০৬ সালের ১৬ নভেম্বর রাতে ঘটনাটি ঘটে। অভিযোগকারীর বাড়িতে সে সময় শুধু তাঁর দুই মেয়ে ছিল।

শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০৩:০৫

ন’বছর পর ধর্ষণের রায়
নিজস্ব সংবাদদাতা • শিলচর

ন’বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের মামলার রায় হল আজ। ঘটনার ন’বছর পর। কাছাড়ের জেলা ও দায়রা বিচারক কে চৌধুরী দক্ষিণ মোহনপুরের শাহনওয়াজ লস্করকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা। এই টাকা দিতে না পারলে আরও দু’বছরের কারাবাসের কথাও বলা হয়েছে রায়ে। ২০০৬ সালের ১৬ নভেম্বর রাতে ঘটনাটি ঘটে। অভিযোগকারীর বাড়িতে সে সময় শুধু তাঁর দুই মেয়ে ছিল। শাহনওয়াজকে দেখেই ১৫ বছরের বড় মেয়ে লুকিয়ে পড়ে। ন’বছরের ছোট মেয়েটিকে সামনে পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। বাধা দিলে তাকে ছুরি মেরে সে পালায়। আহত মেয়েটি চিকিত্সার পর সুস্থ হয়ে ওঠে। সোনাই থানার পুলিশ শাহনওয়াজকে গ্রেফতার করে। দীর্ঘ দিন মামলা চলার পর শেষ পর্যন্ত আজ তার নিষ্পত্তি হল।

খুনের প্রতিবাদে ধর্না ঠাকুরমার
নিজস্ব সংবাদদাতা • করিমগঞ্জ

নাতির খুনে অভিযুক্তদের ফাঁসি চেয়ে আদালত চত্বরে ধর্নায় বসলেন ৮০ বছরের বৃদ্ধা। আজ করিমগঞ্জের জেলা দায়রা বিচারকের আদালতে ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধার সঙ্গে বিক্ষোভে সামিল লোকেদের হাতে ছিল প্ল্যাকার্ড, পোস্টার। এ বছররের ৪ জানুয়ারি করিমগঞ্জ শহরের লঙ্গাই এলাকার বাসিন্দা ইন্দ্রনীল দত্ত চৌধুরীকে (১৩) খুন করা হয়। ওই ঘটনায় তার পড়শি বিশ্বজিৎ কাপালিকে গ্রেফতার করা হয়। মামলার চার্জশিটও দাখিল করে করিমগঞ্জ পুলিশ। এ দিন করিমগঞ্জের জেলা দায়রা বিচারকের আদালতে মামলার প্রথম শুনানি ছিল। নিহত ইন্দ্রনীলের আত্মীয়-বন্ধুরা আদালত চত্বরে হাজির হন। হাজির ছিলেন ইন্দ্রনীলের ঠাকুরমা সুনীতিদেবীও। তিনি বলেন, ‘‘অপরাধী যেন মুক্তি না পায়। ওর ফাঁসি চাই।’’

বিচারপতি নিয়োগ নিয়ে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

বিচারপতি নিয়োগের নতুন ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টে আজ প্রশ্নের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। বিচারপতিদের নিয়োগের জন্য কলেজিয়াম ব্যবস্থা বদলে ‘জাতীয় বিচারবিভাগীয় নিয়োগ কমিশন’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে সিলমোহর দিয়েছে সংসদ। কিন্তু এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে সর্বোচ্চ আদালতে মামলা হয়েছে। এ দিন সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেন, ১৯৯৩ সালে সুপ্রিম কোর্টের যে রায়ের ফলে কলেজিয়াম ব্যবস্থা চালু হয়, তা খতিয়ে দেখা প্রয়োজন। কারণ, এই ব্যবস্থায় বিচারপতির নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির ভূমিকাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও সংবিধানে প্রধান বিচারপতিকে এমন ক্ষমতা দেওয়ার কথা বলা নেই।

কৃষকসভার ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলচর

জমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে বামদলগুলির দেশজুড়ে আন্দোলনের সঙ্গে তাল মিলিয়ে শিলচরেও আজ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ‘সারা ভারত কৃষকসভা’র ডাকে নরসিংটোলা ময়দানে এক জনসভায় বক্তৃতা দেন কৃষকসভার জেলা কমিটির সম্পাদক প্রদীপ চৌধুরী, জেলা পরিষদের প্রাক্তন সদস্য রেজামন্দ আলি ও ডিওয়াইএফআই-র জেলা সম্পাদক অভিজিৎ গুপ্ত। পরে, মিছিল বের করে দলীয় কর্মীje জেলাশাসকের অফিসের সামনে যান। অতিরিক্ত জেলাশাসক এম কে দাসের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য স্মারকলিপি তুলে দেন। জমি বিল বাতিলের দাবি জানানো হয়েছে।

হৃদ্‌রোগে আক্রান্ত পরিচালক
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর

হৃদ্‌রোগে আক্রান্ত হলেন বলিউডি ছবির পরিচালক কবীর খান। তাঁর পরবর্তী ছবি সলমন খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’-এর শ্যুটিংয়ে তিনি কাশ্মীরে এসেছিলেন। পুলিশ সূত্রে খবর, গত কাল রাতে পহেলগামের একটি হোটেলে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গেই তাঁকে শ্রীনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মঙ্গলবার সকালে বিমানে করে তাঁকে নয়াদিল্লি নিয়ে যাওয়া হয়। তিনি এখন এইমসে চিকিৎসাধীন।

সিদ্দেকের জামিন
নিজস্ব সংবাদদাতা • করিমগঞ্জ

জামিন পেলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ। তাঁর দুই ভাইও জামিন পেয়েছেন। আজ করিমগঞ্জের অতিরিক্ত দায়রা বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। ২০ হাজার টাকা ‘বেল বন্ডের’ বিনিময়ে জামিন মেলে। মারধরের একটি মামলায় ৩০ এপ্রিল সিদ্দেক ও তাঁর ভাই সাব্বির, আব্দুসকে জেল হাজতে পাঠিয়েছিল করিমগঞ্জের আদালত।

উদ্ধার বন্দুক, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • হাইলাকান্দি

ফের অস্ত্র মিলল হাইলাকান্দিতে। মঙ্গলবার আলগাপুর থানার চণ্ডীপুরের বাউয়ারথল এলাকা থেকে দু’টি বন্দুক, গুলি, গান পাউডার-সহ অন্য জিনিস উদ্ধার করে সিআরপি। আফতার হুসেন চৌধুরী নামে এক গ্রামবাসীকে আটক করা হয়। আলগাপুরের ওসি কমলাকান্ত সিনহা এ কথা জানান।

সলমনের ভাগ্য

বুধবারই সলমন খানের ভাগ্য নির্ধারণ করবে আদালত। আর তার উপরেই নির্ভর করছে বলিউডের প্রায় ২০০ কোটি টাকার ভবিষ্যৎ। আপাতত দু’টি ছবির কাজে ব্যস্ত সলমন। ‘প্রেম রতন ধন পায়ো’ এবং ‘বজরঙ্গি ভাইজান’— দু’টি ছবির মোট বাজেট ১৫০ কোটি। অন্যান্য টুকটাক কাজের হিসেব ধরলে আরও ৫০ কোটি। সলমনের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে চলা গাড়ি চাপা দিয়ে পালানোর মামলাটির রায় ঘোষণার কথা বুধবার। দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর। আর তেমনটা হলে মাথায় হাত পড়বে প্রযোজকদের।

হেফাজতে চিকিৎসক

এইমস-এর আত্মঘাতী চিকিৎসক প্রিয়া বেদীর স্বামীকে ১৬ মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লির একটি আদালত। দিল্লির একটি হোটেল থেকে প্রিয়ার মৃতদেহের সঙ্গেই উদ্ধার হয়েছিল একটি সুইসাইড নোট। তাতে লেখা ছিল, তাঁর চিকিৎসক স্বামী কমল সমকামী। এই কথা প্রিয়া জেনে যাওয়ার পরেই শুরু হয় অত্যাচার। সেই কারণেই এই চরম পথ বেছে নিতে তিনি বাধ্য হন বলেও ওই চিঠিতে জানিয়েছিলেন প্রিয়া। একই কথা তিনি জানিয়েছিলেন একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও। সেই তথ্যের ভিত্তিতেই ১৯ এপ্রিল প্রিয়ার স্বামী কমলকে গ্রেফতার করে পুলিশ।

টুকলির গেঞ্জি

ঊর্ধ্বাঙ্গের অন্তর্বাসে লাগানো ব্লু-টুথ। আর কানে ইয়ারফোন। ‘অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল টেস্ট’ দিতে বসা চার চিকিৎসক এ ভাবেই টুকলি করতে গিয়ে হরিয়ানা থেকে হাতেনাতে ধরা পড়েছেন। চার জনের মধ্যে দু’জন দাঁতের চিকিৎসক, অন্য দু’জন এমবিবিএস। প্রশ্নপত্রের অজানা প্রশ্নগুলির উত্তর দিতে ফোনের ও-প্রান্তে ছিলেন আরও কয়েক জন চিকিৎসক। ধৃতরা জানিয়েছে, দিল্লির একটি শপিং মল থেকে ওই ‘বিশেষ গেঞ্জি’ কিনেছিল তারা। ফলে এর পিছনে কোনও বড়সড় চক্রের হাত রয়েছে বলেই মনে করছে হরিয়ানা পুলিশ। বিহার এবং রাজস্থানেও এই চক্র সক্রিয় বলে মত তাদের। শুরু হয়েছে তদন্ত।

মিলল জামিন

পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য ফাঁসের অভিযোগে ধৃত ছ’জনকে মঙ্গলবার জামিন দিল দিল্লির একটি আদালত। এঁদের মধ্যে রয়েছেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শৈলেশ সাক্সেনা, এসারের বিনয়কুমার, রিলায়্যান্স এডিএজি-র ঋষি আনন্দ, কেয়ার্ন ইন্ডিয়ার কে কে নাইক, সাংবাদিক শান্তনু শইকিয়া এবং বীরেন্দ্র। অতিরিক্ত দায়রা বিচারক ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে এঁদের জামিন মঞ্জুর করেন।

অ্যাপে শৌচাগার

অচেনা জায়গায় কোথায় সুলভ শৌচাগার রয়েছে তা জানান দেবে স্মার্টফোনের নয়া অ্যাপ। পরিবেশ সচেতন নাগরিকদের জন্য এটি অপরিহার্য বলেই মনে করছেন অ্যাপটির নির্মাতারা। শুধুমাত্র শৌচাগারের খোঁজই মিলবে না, এই অ্যাপটি ব্যবহার করে তাঁর ভাল-মন্দও জানানো যাবে বাকিদের।

আত্মহত্যা ধর্ষিতার

ফের আত্মঘাতী ধর্ষিতা। এ বার ঘটনাস্থল রাজস্থানের রাইমালা গ্রাম। মার্চের শেষে বছর তেরোর ওই কিশোরীকে ফাঁকা বাড়িতে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রতিবেশী যুবক আত্মারামের বিরুদ্ধে। গত রবিবার রাইমালার বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পরই আত্মারামের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন কিশোরীর বাবা-মা। অভিযোগের ভিত্তিতে আত্মারামকে গ্রেফতার করেছে পুলিশ।

মদ্যপদের তাণ্ডব

তিন মদ্যপ যুবকের তাণ্ডবের শিকার হলেন বছর ৩৫-এর দিল্লির এক ব্যবসায়ী। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ অমরজিত্ চোপড়া নামের ওই ব্যবসায়ী যখন বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন, তখন পিছন থেকে তাঁদের গাড়িটি ধাওয়া করে বছর পঁচিশের তিন যুবক। বেধড়ক মারধর করা হয় অমরজিৎকে। রেহাই পাননি তাঁর মা-বাবাও। ঘটনায় অভিযুক্তদের মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই পলাতক।

পুলিশের কীর্তি

মাটিতে শুয়ে মরণাপন্ন রোগী, আর ইমার্জেন্সি ওয়ার্ডের বিছানায় নাক ডেকে ঘুমাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এমন দৃশ্যই দেখতে পাওয়া গেল উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার হাসপাতালে। ধৃত এক অভিযুক্তকে নিয়ে মঙ্গলবার ওই হাসপাতালে এসেছিলেন তাঁরা। অভিযোগ, হাসপাতালে ঢুকেই ইমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জোর করে মাটিতে নামিয়ে দেন। আর রোগীদের বিছানায় শুয়েই নির্বিঘ্নে ঘুম দেন সারা রাত।

ধর্ষণ করে খুনে ধৃত ১

২১ বছরের তরুণীকে ধর্ষণ করে খুনে অভিযুক্ত তিন জনের মধ্যে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ১ মে ওই তরুণীকে শিরডিতে নিয়ে যায় এক অজ্ঞাতপরিচয় মহিলা-সহ তিন জন। অভিযোগ, মহিলার মদতে তরুণীকে ধর্ষণ করে তাঁর দেহ ফেলে দেওয়া হয় নদীতে। ৩ মে তরুণীর দেহ উদ্ধারের পর সেটি শনাক্ত করেন তাঁর ভাই। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করেছ‌ে পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy