Advertisement
E-Paper

মাধ্যমিকের পরই হায়দরাবাদে পাড়ি! রাজ্যে থাকতে চায়নি মেয়েদের মধ্যে প্রথম বেদশ্রুতি, স্বপ্ন ইঞ্জিনিয়ারিং

এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকে নয়, জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতিতেই মন দিতে চাইছে বেদশ্রুতি। চলছে প্রস্তুতি। এ রাজ্যের বাড়িতে বসে মেয়ের সাফল্যের খবর পেয়েছেন বাবা-মা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১২:৪৮
বেদশ্রুতি সিংহ।

বেদশ্রুতি সিংহ। নিজস্ব চিত্র।

সম্ভাব্য মেধাতালিকায় মেয়েদের মধ্যে প্রথম বেদশ্রুতি। মাধ্যমিক পরীক্ষা দিয়েই রাজ্য ছেড়েছে উত্তর দিনাজপুরের এই মেধাবী। স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়ার। তাই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি, হায়দরাবাদে।

মাধ্যমিকে পঞ্চম বেদশ্রুতি সিংহ, ইসলামপুর গার্লস হাই স্কুলের ছাত্রী। মেধাতালিকায় পঞ্চম স্থানে রয়েছে মোট সাত জন— নদিয়ার দ্বৈপায়ন বিশ্বাস, হুগলির সমন্ত্যক কুন্ডু, আলিপুরদুয়ারের স্বরূপ কণ্ঠ এবং উত্তর দিনাজপুর সন্ময় দেবনাথ। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯৩। বেদশ্রুতি মেয়েদের মধ্যে প্রথম।

এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকে নয়, জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতিতেই মন দিতে চাইছে বেদশ্রুতি। চলছে প্রস্তুতি। এ রাজ্যের বাড়িতে বসে মেয়ের সাফল্যের খবর পেয়েছেন বাবা-মা। খানিক প্রত্যাশিতই ছিল ফলাফল। তবে একেবারে পঞ্চম বা মেয়েদের মধ্যে প্রথম হবে— তা ভাবেননি বাবা বিনয় সিংহ। তিনি জানান, মেয়ে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতিতে ব্যস্ত। তাই মাধ্যমিকের পরই সে পাড়ি দিয়েছে হায়দরাবাদে। সেখানে এক বেসরকারি প্রতিষ্ঠানে থেকে চলছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি। বিনয় বলেন, “শুধু মেয়ে নয়, আমার ছেলেও মেধাবী। মাধ্যমিকে সপ্তম স্থান ছিল ছেলের। আর দাদার পথ ধরেই বেদশ্রুতি ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছে।”

২০১৪ মাধ্যমিকে দাদা বাণীব্রত সিংহ সপ্তম স্থান অধিকার করেছিল। এখন তিনি বিদেশে কর্মরত। বিনয় জানান, বেদশ্রুতি হায়দরাবাদের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে রসায়ন, গণিত ও পদার্থবিদ্যা নিয়ে। দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর তার লক্ষ্য আইআইটি-তে ভর্তি হওয়া। ইঞ্জিনিয়ারিং পড়তে চায় বেদশ্রুতি। তবে শুধু পড়াশোনা নয়, মেধাবী ছাত্রী ভালবাসে গান-বাজনা করতে। অবসরে গিটার বাজিয়ে গান গায় সে।

এ বার মাধ্যমিকে নাম নথিভুক্ত করেছিল মোট ৯,৭১,৬২৫ পরীক্ষার্থী। সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। এর মধ্যে নিয়মিত পড়ুয়ার সংখ্যা ৯ লক্ষ ১ হাজার ৭২৪ জন। ছাত্র সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ১০৩ জন। ছাত্রী সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৬৫০ জন। প্রথম দশে রয়েছে ১৩১ জন পরীক্ষার্থী। ৯৯.৭১ শতাংশ নম্বর নিয়ে প্রথম হয়েছে অভিরূপ ভদ্র। এই উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুল থেকে।

Madhyamik results 2026 Madhyamik 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy