বিহার থেকে দিল্লি যাচ্ছিল যাত্রিবোঝাই দোতলা বাস। আগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায়। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। এই দুর্ঘটনায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত ৪০ জন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, ইটাওয়ার কাছে সৈফই থানা এলাকায় আগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে ১০৩ মাইলস্টোনের কাছে একটি উড়ালপুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর সেটি রেলিং ভেঙে নীচে পড়ে যায়। বাসটি নীচে পড়তে দেখেই স্থানীয়েরা উদ্ধারকাজের জন্য ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশেও। সকলের তৎপরতায় যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাসে মোট ৭০ জন যাত্রী ছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ঘুমে চোখ জুড়িয়ে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা। তবে অন্য কোনও কারণ আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।