অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রেমিকা, এই সন্দেহে লাঠি দিয়ে মেরে খুন করলেন তাঁর সঙ্গী। মৃতার নাম রেশমী সাহু। বয়স ২৫ বছর। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের ধামতারি জেলার মগরলোদ শহরে। ধামতারি থানার পুলিশ সুপার প্রশান্ত ঠাকুর জানান, মগরলোদ নগর পঞ্চায়েত দফতরের কাছে একটি চায়ের দোকান চালাতেন রেশমী। সোমবার সন্ধ্যায় তাঁর প্রেমিক ওই চায়ের দোকানে রেশমীর সঙ্গে দেখা করতে যান।
পুলিশ সূত্রের খবর, দু’জনের মধ্যে সন্ধ্যা থেকেই ঝগড়া শুরু হয়। অন্য সম্পর্কে রয়েছেন এই সন্দেহে বচসা গড়ায় মারধরে। রাগের বশে অভিযুক্ত প্রেমিক লাঠি দিয়ে মারতে শুরু করে দেন রেশমীকে। মাথায় আঘাত লেগে রক্ত বেরোতে থাকে রেশমীর। ওই অবস্থায় রেশমীকে একা ফেলে পালিয়ে যান অভিযুক্ত।
আরও পড়ুন:
স্থানীয়রা দোকানে এসে রেশমীকে রক্তাক্ত অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। রেশমীকে নিকটবর্তী স্বাস্থ্য দফতরে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মারা যান রেশমী। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত মগরলোদ থানার অন্তর্গত খিসোরা গ্রামের বাসিন্দা। রেশমীর সঙ্গে ৪ বছর ধরে সম্পর্কে রয়েছেন তিনি। পলাতক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।