Advertisement
E-Paper

টাকা হাতিয়ে তরুণীকে খুন, লুকিয়ে রাখেন দেহ, শেষে পুলিশি হানায় পাকড়াও যুবক

তরুণীর ফোনের লোকেশনের সূত্র ধরে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। একটি ওষুধ দোকানের মধ্যে রাখা ছিল দেহ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৬:৫৫
তরুণীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

তরুণীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

তরুণীকে খুন করে তাঁর দেহ চার দিন ধরে লুকিয়ে রাখার অভিযোগে গ্রেফতার করা হল এক ওষুধ দোকানের মালিককে। খুনের পর তরুণীর দেহ লোপাট করতেই দোকানের মধ্যে চার দিন ধরে লুকিয়ে রেখেছিলেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বিলাসপুরে।

পুলিশ সূত্রে খবর, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় অভিযুক্ত যুবক আশিস সাহুর সঙ্গে আলাপ হয় ২৪ বছর বয়সি প্রিয়াঙ্কা সিংহ রাজপুতের। এর পর তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ওষুধ দোকানের পাশাপাশি শেয়ার মার্কেটেরও ব্যবসা রয়েছে যুবকের। ওই তরুণীকে শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য বোঝান যুবক। সেই মতো প্রথমে চলতি বছরের এপ্রিল মাসে অল্প টাকার বিনিয়োগ করে প্রচুর লাভবান হন তরুণী। বিনিয়োগ করে টাকা রোজগারের নেশায় এর পর ওই তরুণী আরও বিনিয়োগ করেন। এর জেরে মোট ১১ লক্ষ টাকা লোকসান হয় তাঁর।

বার বার লোকসান হওয়ায় তরুণীর সন্দেহ হয়। যুবককে টাকা ফেরতের দাবি জানান তিনি। টাকা ফেরত নিতে গত ১৫ নভেম্বর ওই যুবকের ওষুধের দোকানে যান তরুণী। সেখানে টাকা ফেরতের কথা বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা বাধে। এর জেরে দোকানে তরুণীকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পরে তরুণীর খোঁজ না পাওয়া যাওয়ায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। তরুণীর ফোনের লোকেশনের সূত্র ধরে ওই ওষুধ দোকানে হানা দেয় পুলিশ। সেখান থেকেই তরুণীর দেহ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। জেরায় খুনের কথা ওই যুবক স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Crime national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy