E-Paper

মহিলা সংরক্ষণ: লোকসভার আসন পুনর্বিন্যাসে আপত্তি কংগ্রেসের

বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে ইতি পড়ার কথা। ভাবনা-চিন্তা চলছে, কাল মুলতুবি করে ১৬ তারিখ থেকে ফের অধিবেশন ডাকা হবে তিন দিনের জন্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৯:২০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিমবঙ্গে ভোটের আগেই মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পাশ করাতে চাইছে মোদী সরকার। আগামী লোকসভা নির্বাচনেই মহিলা সংরক্ষণ কার্যকর করতে ২০২৭-এর জনগণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই লোকসভার আসন পুনর্বিন্যাস করতে চাইছে মোদী সরকার। এই প্রেক্ষিতে কংগ্রেসের অভিযোগ, এর ফলে লোকসভার মোট আসন ৫০ শতাংশ বাড়িয়ে দেওয়ার সঙ্গে সমস্ত রাজ্যেরই লোকসভা আসন ৫০ শতাংশ করে বাড়িয়ে দিতে চাইছে বিজেপি।

কংগ্রেসের দাবি, এতে দক্ষিণ ভারতের রাজ্যগুলি বঞ্চিত হবে। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের অভিযোগ, উত্তরপ্রদেশের লোকসভা আসন ৮০ থেকে বেড়ে ১২০ হবে। কিন্তু তামিলনাড়ুর লোকসভা আসন ৩৯ থেকে বেড়ে ৫৯ হবে। কেরলের লোকসভা আসন ২০ থেকে বেড়ে ৩০ হবে। অন্য দিকে, বিহারের লোকসভা আসন ৪০ থেকে বেড়ে ৬০ হবে। দক্ষিণের রাজ্যগুলির মাত্র ৬৬টি আসন বাড়বে লোকসভায়। কিন্তু উত্তর ভারতের রাজ্যগুলির ২০০টি আসন বাড়বে। কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারির অভিযোগ, এর ফলে পূর্ব ভারত, দক্ষিণ ভারতের সঙ্গে জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লির মতো রাজ্যও বঞ্চিত হবে। লোকসভায় এই রাজ্যগুলির তুলনামূলক প্রতিনিধিত্ব কমে যাবে।

বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে ইতি পড়ার কথা। ভাবনা-চিন্তা চলছে, কাল মুলতুবি করে ১৬ তারিখ থেকে ফের অধিবেশন ডাকা হবে তিন দিনের জন্য। মোদী সরকারের পরিকল্পনা, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ঠিক আগে ১৬ থেকে ১৮ এপ্রিল সংশোধনী বিল পাশ করানো। যাতে ২০২৯-এর লোকসভা নির্বাচনের আগেই এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা যায়। বৃহস্পতিবার বাজেট অধিবেশনের শেষ দিনে মোদী কেন্দ্রের পরিকল্পনা স্পষ্ট হতে পারে। ২০২৯-এই মহিলা সংরক্ষণ চালু করতে মোদী সরকার জুন মাসেই আসন পুনর্বিন্যাস কমিশন গঠন করতে পারে। কমিশন ২০১১-র জনগণনার ভিত্তিতেই আসন পুনর্বিন্যাস করবে বা লোকসভার আসন বাড়িয়ে দেবে।

সরকারি সূত্রের খবর, লোকসভার আসন ৫৪৩টি থেকে বেড়ে ৮১৬ হবে। তার মধ্যে ২৭২টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। কোনও রাজ্য বঞ্চিত হবে না। এখন মোট লোকসভা আসনের নিরিখে কোনও রাজ্যের লোকসভার আসনের যে অনুপাত রয়েছে, আসন পুনর্বিন্যাসের পরেও সেই অনুপাত বজায় থাকবে। দক্ষিণ ও পূর্ব ভারতের রাজ্যগুলির আশঙ্কা ছিল, উত্তর ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনায় বেশি। তাই লোকসভার আসন বাড়লে উত্তর ভারতের আসন সংখ্যা বেশি করে বাড়বে। এই আশঙ্কা দূর করতে অনুপাত একই রাখার বার্তা দিচ্ছে কেন্দ্র। এ জন্য মহিলা সংরক্ষণ আইন কার্যকর করতে সংবিধান সংশোধনী বিল আনা হবে।

জয়রাম রমেশের দাবি, মোদী সরকার বুলডোজ়ার চালিয়ে বিল পাশ করাতে চাইছে। সরকারের যুক্তি দিচ্ছে, সকলের আসন ৫০% করে বাড়লে সব রাজ্যের প্রতি সমান বিচার হবে, অনুপাতও একই থাকবে। কিন্তু বাস্তবে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ বঞ্চিত হবে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী আপত্তি তুলেছেন। প্রস্তাব খাতায়-কলমে সামনে এলে আরও প্রতিবাদ হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress BJP Lok Sabha

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy