E-Paper

পরীক্ষা নিয়ে ‘খেলা’ বন্ধ চেয়ে আন্দোলনে কংগ্রেস

‘ভারত ছাড়ো’ আন্দোলনের দিন, আগামী ৯ অগস্ট দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে কেন্দ্রীয় জমায়েতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৭:২৯
কংগ্রেসের সমীক্ষা বৈঠকে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির পরিকল্পনা ব্যাখ্যা করছেন প্রসেনজিৎ বসু। মৌলালি যুব কেন্দ্রে।

কংগ্রেসের সমীক্ষা বৈঠকে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির পরিকল্পনা ব্যাখ্যা করছেন প্রসেনজিৎ বসু। মৌলালি যুব কেন্দ্রে।

নিটের প্রশ্ন-ফাঁস তালিকায় নতুন সংযোজন মাত্র। কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একের পর এক সর্বভারতীয় পরীক্ষা ঘিরে বিভ্রাট ও কেলেঙ্কারির প্রতিবাদে ছাত্র ও যুব সম্প্রদায়কে নিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে কংগ্রেস। ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ শীর্ষক কর্মসূচিতে এ রাজ্যেও তেড়েফুঁড়ে নামতে চাইছে তারা।

দেশের ২৮টি শহরকে বেছে নিয়ে প্রতিবাদের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। যার শেষ হবে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের দিন, আগামী ৯ অগস্ট দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে কেন্দ্রীয় জমায়েতে। তার আগে ১ অগস্ট ২৮ শহরেই ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। কলকাতায় দলের বৈঠকে এসে এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল ওই কর্মসূচির গুরুত্ব বুঝিয়ে গিয়েছেন। রাজ্যে যে ছাত্র ও যুবদের সঙ্গে নিয়ে বড়সড় প্রতিবাদ এবং দিল্লির জমায়েতে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে, তা-ও ব্যাখ্যা করেছেন দলের নেতা প্রসেনজিৎ বসু। কলকাতায় ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূটির কো-অর্ডিনেটর করা হয়েছে তাঁকেই। প্রসেনজিতের বক্তব্য, ‘‘শুধু একটা নিট নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) মাধ্যমে পরীক্ষা শুরু করার পরে গত এক দশকে প্রায় ৮৯টি ক্ষেত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছে। ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। এই অরাজকতার বিরুদ্ধে এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আমরা ছাত্র ও যুবদের সংগঠিত করতে চাইছি।’’ প্রসেনজিতের নেতৃত্বে ওয়ার্কিং গ্রুপ জুলাই মাস জুড়ে ক্যাম্পাস কর্মসূচি-সহ নানা ভাবে ছাত্র সমাজের সঙ্গে জনসংযোগ করবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আশু দাবির পাশাপাশি এনটিএ-কর প্রশ্ন তৈরি, প্রশ্ন ছাপানো এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো-সহ যাবতীয় ব্যবস্থার সংস্কার এবং গোটা বছরের পরীক্ষা ও নিয়োগের ক্যালেন্ডার প্রকাশ চেয়ে পথে নামছে কংগ্রেস।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy