টানা ৬ দিন দেশে করোনা টিকাকরণের সংখ্যা রইল ২০ লক্ষের নীচে। এর আগে টানা এতদিন টিকাকরণের পরিমাণ ২০ লক্ষের নীচে নামেনি। এপ্রিলের শেষে যেখানে টিকাকরণ ছাড়িয়ে গিয়েছিল ৩০ লক্ষের গণ্ডি, সেখানে মে মাসের দ্বিতীয় ভাগে তা কমতে কমতে নেমে এল ২০ লক্ষের নীচে।
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে দেখা গিয়েছে, টিকাকরণের সংখ্যা শেষ ৬ দিনে ২০ লক্ষের নীচে নামতে শুরু করেছে ১৫ মে থেকে। সেই দিনের পর থেকেই শেষ ২৪ ঘণ্টায় কতজনের টিকাকরণ হয়েছে তার রিপোর্টে দেখা যায়, সংখ্যা কমেছে। ১৫ মে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, শেষ ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৫৮ হাজার ৯৯৫ জনের টিকাকরণ হয়েছে। পরের দিন, অর্থাৎ ১৬ মে সেই সংখ্যাটি গিয়ে দাঁড়ায় ১৭ লক্ষ ৬২ হাজার ৫৮৫-তে। ১৭ মে সেটি নেমে যায় ১০ লক্ষের নীচে। ১৮-মে বেড়ে হয় ১৫ লক্ষ ২৬ হাজার ৬৮৯, ১৯-এ মে ১৩ লক্ষ ৫৬ হাজার ১৫৩-এ, ২০ মে প্রকাশিত শেষ ২৪ ঘণ্টার রিপোর্টে দেখা যায়, টিকা পেয়েছেন ১২ লক্ষ ৪৯০ জন।
কেন্দ্রের কো-উইন অ্যাপে পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা যায়, সারা দেশে টিকাকরণের বিচারে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে দু’কোটির বেশি মানুষ টিকা পেয়েছেন। তালিকায় উপরের দিকেই রয়েছে গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। কো-উইনে যে ‘রিয়্যল টাইম’ তথ্য দেওয়া হয়েছে, তাতে দেখা গিয়েছে, বৃহস্পতিবার ওড়িশায় সকাল ১১ টা পর্যন্ত টিকা পেয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। যা অন্য রাজ্যের ‘রিয়েল টাইম’ হিসাবের তুলনায় অনেকটাই বেশি। উত্তর পূর্বের রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে টিকার হার তেমন বেশি দেখা যাচ্ছে না