Advertisement
E-Paper

নিশ্চিত টিকিট থাকার পরেও ট্রেনে বসে যেতে পারেননি চার যাত্রী! রেলকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে বলল কোর্ট

মামলাকারী চার যাত্রী উত্তরপ্রদেশের মির্জ়াপুর থেকে বিহারের ভোজপুর যাচ্ছিলেন এলটিটি পটনা এক্সপ্রেসে। ট্রেনে উঠে তাঁরা দেখেন, তাঁদের কনফার্মড আসনে যাত্রা করছিলেন রেলের কর্মীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৭:১৩

— প্রতীকী চিত্র।

টিকিট নিশ্চিত (কনফার্মড) হয়ে গেলেও যাত্রীকে সংরক্ষিত আসন দিতে পারেনি রেল। সে জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চার যাত্রীকে সফর করতে হয়েছে। এই দোষে ওই চার যাত্রীকে ২০ হাজার টাকা দিতে হবে ভারতীয় রেলকে, এমনটাই নির্দেশ দিল ভোজপুর কনজ়ুমার রিড্রেসাল কমিশন।

‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুসারে, মামলাকারী চার যাত্রী উত্তরপ্রদেশের মির্জ়াপুর থেকে বিহারের ভোজপুর যাচ্ছিলেন এলটিটি পটনা এক্সপ্রেসে। ট্রেনে উঠে তাঁরা দেখেন, তাঁদের কনফার্মড আসনে যাত্রা করছিলেন রেলের কর্মীরা। ওই কর্মীদের চার যাত্রী আসন ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালেও তাঁরা কানে তোলেননি।

কৃষ্ণপ্রতাপ সিংহ এবং কমলকিশোর সিংহের বেঞ্চের পর্যবেক্ষণ, রেল ঠিকঠাক পরিষেবা না দেওয়ার কারণে ওই চার যাত্রীর ‘মানসিক, শারীরিক এবং আর্থিক ভোগান্তি’ হয়েছে। টিকিটের দাম ছিল ১,৮৭৬ টাকা ৮০ পয়সা। উত্তর-মধ্য রেল এবং ভারতীয় রেলকে ৬০ দিনের মধ্যে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসাবে ফেরত দিতে হবে ওই চার যাত্রীকে। সময়ের মধ্যে তা দেওয়া না হলে ১০ শতাংশ বার্ষিক সুদের হারে ওই যাত্রীরা টাকা আদায় করতে পারবেন।

চার মামলাকারী জানিয়েছেন, রেলের হেল্পলাইন এবং সমাদমাধ্যমের অ্যাকাউন্টে তাঁরা অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন। এসএমএসের মাধ্যমে অভিযোগ দায়ের করার রেফারেন্স নম্বরও পেয়েছিলেন। তার পরেও রেলের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

Indian Railway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy