Advertisement
E-Paper

জোশীমঠের পর আলিগড়, পর পর বাড়িতে ফাটলের জেরে আতঙ্ক, অভিযোগ, নির্বিকার প্রশাসন

‘স্মার্ট সিটি মিশনে’ আলিগড়ে মাটির তলায় পাইপ বসানোর কাজ হয়েছে। মাটির তলায় জায়গায় জায়গায় সেই পাইপ ফেটে গিয়ে জল বেরিয়ে আসছে। তাতে স্থানীয় ভূমির গঠনে পরিবর্তনের জেরে বাড়িতে ফাটল ধরছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১১:১৮
উত্তরপ্রদেশের আলিগড়ে বাড়িতে ফাটল।

উত্তরপ্রদেশের আলিগড়ে বাড়িতে ফাটল। ছবি: সংগৃহীত।

মারণ ফাটলের জেরে বাসযোগ্য নয় বলে ঘোষিত হয়েছে উত্তরাখণ্ডের জোশীমঠ। এ বার একই রকম ফাটল দেখা দিল উত্তরপ্রদেশের আলিগড়ে। শহরের কাওয়ারিগঞ্জ এলাকায় একের পর এক বাড়িতে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা শশী বলেন, ‘‘গত কয়েক দিন ধরেই বাড়িতে ফাটল দেখতে পাচ্ছি। জোশীমঠের ঘটনার পর এ সব দেখে আমরা ভয় পেয়ে গিয়েছি। পুরসভায় এ নিয়ে অভিযোগও জানানো হয়েছে। কিন্তু কিছু করার পরিবর্তে তারা কেবল শুকনো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। আমরা ভয় পাচ্ছি যে, আমাদের বাড়িগুলোও না ধসে পড়ে।’’

স্থানীয় সূত্রে দাবি, বিপত্তির সূত্রপাত একটি পাইপলাইন বসানোকে কেন্দ্র করে। কেন্দ্রীয় সরকারের ‘স্মার্ট সিটি মিশন’-এর আওতায় আলিগড়ে মাটির তলায় পাইপ বসানোর কাজ হয়েছে। মাটির তলায় জায়গায় জায়গায় সেই পাইপই ফেটে গিয়ে জল বেরিয়ে আসছে। তাতেই স্থানীয় ভূমির গঠনে পরিবর্তন হচ্ছে। তারই ফলশ্রুতি রাস্তা, বাড়িতে ফাটল।

পুরসভার অতিরিক্ত পুর কমিশনার রাকেশকুমার যাদব জানিয়েছেন, তিনি ঘটনার কথা শুনেছেন। সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে নজর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি যে, কাওয়ারিগঞ্জের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আমরা এখনও বিষয়টি সরেজমিনে দেখতে পারিনি। তাই সঠিক ভাবে পরিস্থিতি জানি না। তবে অভিযোগের ভিত্তিতে পুরসভাকে দল পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’’

প্রসঙ্গত, একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য সুড়ঙ্গ খোঁড়ার জেরেই জোশীমঠ ধসে পড়ছে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। সম্প্রতি কলকাতায় মেট্রোরেলের সুড়ঙ্গের কাজের জন্যে বৌবাজার এলাকায় বহু বাড়িতে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়ায়। এ বার ভূগর্ভস্থ কাজের জেরে মাটির উপরে বসবাসকারীদের সমস্যা তৈরি হওয়ার অভিযোগ আলিগড়ে।

Aligarh crack Joshimath land subsidence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy