Advertisement
E-Paper

Alt News: জামিনের আবেদন খারিজ, নূপুর-কীর্তি প্রকাশ্যে আনা জুবেরকে পাঠানো হল জেল হেফাজতে

২০১৮-র একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, এই অভিযোগে ‘অল্ট নিউজে’র সহ-প্রতিষ্ঠাতা জুবেরকে গত রবিবার গ্রেফতার করে দিল্লি পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ১৫:৩৭
আদালতে তোলা হচ্ছে মহম্মদ জুবেরকে।

আদালতে তোলা হচ্ছে মহম্মদ জুবেরকে। ছবি: টুইটার থেকে নেওয়া।

২০১৮ সালের বিতর্কিত টুইট মামলায় ধৃত সাংবাদিক মহম্মদ জুবেরের জামিনের আবেদন খারিজ করল আদালত। দিল্লির মুখ্য বিচারবিভাগীর ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা শ্রীবাস্তব শনিবার দিল্লি পুলিশের আবেদন গ্রহণ করে খবরের সত্যতা যাচাই করার সংবাদমাধ্যম অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

চার বছরের পুরনো মামলার ধৃত জুবেরের বিরুদ্ধে শনিবারই নতুন অভিযোগ এনেছে দিল্লি পুলিশ। তার মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ ধ্বংস করা। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের (ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ) ৩৫ নম্বর ধারা অমান্যেরও অভিযোগ এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। অভিযোগ বিধি ভেঙে বিদেশি অর্থসাহায্য নিয়েছিলেন জুবের।

জুবেরের ২০১৮ সালের একটি টুইটে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে’, এই অভিযোগে দিল্লি পুলিশ গত রবিবার (২৬ জুন) জুবেরকে গ্রেফতার করেছিল। সোমবার তাঁকে এক দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়। ফের জেরার জন্য দিল্লি পুলিশ জুবেরকে হেফাজতে নেওয়ার আবেদন জানালে মঙ্গলবার বিচারক আরও চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। সেই সময়সীমা শেষ হওয়ায় শনিবার দিল্লির একটি আদালতে জুবেরের তরফে জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী বৃন্দা গ্রোভার।

অন্য দিকে, দিল্লি পুলিশের কৌঁসুলি জামিনের বিরোধিতা করে জুবেরকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন করেন আদালতে। তবে দিল্লি পুলিশ শনিবার আদালতকে জানিয়েছে, তদন্তের জন্য ধৃত জুবেরকে আর জেরা করার প্রয়োজন নেই। প্রসঙ্গত, বিজেপি নেত্রী (বর্তমানে সাসপেন্ডেড) নূপুর শর্মা যে টেলিভিশন অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তা জুবেরই প্রথম নেটমাধ্যমে প্রকাশ্যে আনেন।

Alt News Mohammed Zubair Delhi Police Nupur Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy