দিল্লিতে উড়ালপুলের উপর দিয়ে বাইকে চেপে কাজে যাচ্ছিলেন ডেলিভারি এজেন্ট। গাড়ির ধাক্কায় ছিটকে গিয়ে ৩০ থেকে ৪০ ফুট নীচে রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে ২৫ বছরের ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজকুমারকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজকুমার ঝাড়খণ্ডের গোড্ডার বাসিন্দা। এক সপ্তাহ আগেই কাজের জন্য বন্ধু মহাবীরের সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন। একই ঘরে থাকতেন দু’জন। গত ৩০ এপ্রিল দক্ষিণ পশ্চিম দিল্লির ডাবরি উড়ালপুল দিয়ে বাইকে চেপে একটি চায়ের দোকানে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাজকুমার। দুর্ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেই ফুটেজই এ বার প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। ফুটেজে দেখা গিয়েছে, উড়ালপুলের উপরে ভুল দিক দিয়ে যাচ্ছিলেন রাজকুমার। উল্টো দিক থেকে এসে তাঁর বাইকে ধাক্কা দেয় গাড়িটি। তখনই ছিটকে গিয়ে সেতু থেকে নীচে পড়ে যান।
আরও পড়ুন:
যুবককে পথচারীরা অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। ডিসিপি (পশ্চিম দিল্লি) দারাদে শারদ ভাস্কর জানিয়েছেন, গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে যুবক উড়ালপুল থেকে পড়ে যান। প্রাথমিক তদন্তে তেমনই জানা গিয়েছে। গাড়ির চালক দুর্ঘটনার পর থেকে ফেরার। তাঁর খোঁজ চলছে। গাড়িটি দিল্লির বাসিন্দার নামে নথিভুক্ত বলে জেনেছে পুলিশ।
মৃতের বন্ধু মহাবীর জানিয়েছেন, চেন্নাইয়ে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন তাঁরা। সেখান থেকে বেঙ্গালুরুতে কাজে গিয়েছিলেন। এক সপ্তাহ আগে দু’জনে ভাল রোজগারের আশায় দিল্লিতে এসেছিলেন। রাজকুমারের বাবা পেশায় কৃষক।