Advertisement
E-Paper

আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! উত্তরপ্রদেশে ডাক্তারি পড়ুয়াকে গ্রেফতার করল রাজ্যের সন্ত্রাসদমন শাখা

এটিসএস সূত্রে জানানো হয়েছে, হরীশ ডাক্তারি পড়ুয়া। তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র। রবিবার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১২:১২
অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া। ছবি: সংগৃহীত।

অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের সহারনপুর থেকে এক ডাক্তারি পড়ুয়াকে গ্রেফতার করল রাজ্যের সন্ত্রাসদমন শাখা। গোপন সূত্রে এটিএস খবর পায় সহারনপুর থেকে সন্দেহজনক কিছু গতিবিধি লক্ষ করা গিয়েছে। সেই খবর পাওয়ার পরই এটিএস তাদের নেটওয়ার্ককে সক্রিয় করে তোলে। তখনই তারা জানতে পারে, হরীশ আলি নামে এক যুবক সন্দেহজনক বার্তা আদানপ্রদান করছেন। তাঁর গতিবিধির উপর নজরদারি শুরু করে পুলিশ।

এটিসএস সূত্রে জানানো হয়েছে, হরীশ ডাক্তারি পড়ুয়া। তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র। রবিবার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ইনস্টাগ্রাম এবং এনক্রিপ্টেড কিছু অ্যাপ, যেমন ‘সেশন’, ‘ডিসকর্ড’ ব্যবহার করে আইএস জঙ্গি সংগঠনের হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এটিএস আরও দাবি করেছে, উত্তরপ্রদেশ এবং দেশের অন্য প্রান্তে এমন কয়েক জনের সঙ্গে যোগাযোগ ছিল হরীশের, যাঁরা আইএস ভাবধারায় অনুপ্রাণিত।

অনলাইনে একটি গ্রুপ বানিয়ে সেখানে আইএস ভাবধারার নানা তথ্য আদানপ্রদান চলত বলে দাবি এটিএসের। তদন্তকারীরা জানিয়েছেন, হরীশের কাছ থেকে কিছু ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে। সেখানে কট্টরপন্থী মতাদর্শ এবং সন্ত্রাসবাদমূলক বেশ কিছু তথ্যের ইঙ্গিত মিলেছে। এক বিবৃতি জারি করে উত্তরপ্রদেশে এটিএস জানিয়েছে, ছদ্মনামে অনেকগুলো গ্রুপ তৈরি করা হয়েছিল অনলাইনে। ভিপিএন ব্যবহার করে আইএস মনোভাবাপন্ন যুবক-যুবতীদের নিয়োগের কাজ চালাচ্ছিলেন অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া। শুধু তা-ই নয়, এটিএসের দাবি, আল ইত্তিহাদ মিডিয়া ফাউন্ডেশন নামে একটি গ্রুপও চালাচ্ছিলেন অভিযুক্ত। কাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, সেই তথ্য খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে এটিএস।

isis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy