Advertisement
E-Paper

দীর্ঘমেয়াদি হতে পারে করোনার প্রভাব: গুলেরিয়া

সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে গুলেরিয়া দাবি করেন, করোনা থেকে সেরে উঠলেও দীর্ঘ দিন ধরে শরীরে নানা উপসর্গ দেখা যাচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ০৬:৫৭

—ফাইল চিত্র

কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও, শরীরে করোনার প্রভাব ১২ সপ্তাহ এমনকি আরও দীর্ঘমেয়াদের জন্য দেখা যেতে পারে বলে আজ জানালেন এমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি বলেন, ‘‘করোনা সেরে গেলেও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মেনেই চলা উচিত।’’
করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরে অনেককেই ফের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। অনেকেই ভুগছেন গায়ে ব্যথা, শ্বাসকষ্টজনিত সমস্যায়। আজ স্বাস্থ্য মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে গুলেরিয়া দাবি করেন, করোনা থেকে সেরে উঠলেও দীর্ঘ দিন ধরে শরীরে নানা উপসর্গ দেখা যাচ্ছে। যদি উপসর্গ সুস্থ হওয়ার পরে ৪-১২ সপ্তাহ ধরে দেখা যায় তখন সেটিকে ‘পোস্ট অ্যাকিউট কোভিড সিনড্রোম’ বলা হয়। আর যদি উপসর্গ তিন মাসের বেশি সময় ধরে শরীরে পরিলক্ষিত হয় তাহলে সেটিকে ‘লং কোভিড সিনড্রোম’ বলা হয়ে থাকে।
করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরে সুস্থ ব্যক্তির শরীরে যে উপসর্গগুলি দেখা যায় তার মধ্যে অন্যতম হল শ্বাসকষ্ট। গুলেরিয়ার কথায়, ‘‘ফুসফুস স্বাভাবিক ভাবে কাজ করলেও শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে। এ ছাড়া কয়েক সপ্তাহ ধরে কাশি, বুকে ব্যথা, পালস রেটের হঠাৎ অস্বাভাবিক ভাবে বেড়ে বা কমে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার অতি সক্রিয়তার কারণে এ ধরনের সমস্যাগুলি পরবর্তী সময়ে দেখা যায়।’’ গুলেরিয়ার মতে, এ ছাড়া একটি অতি পরিচিত উপসর্গ হল ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম। যাতে কাজ করতে গিয়ে অল্পেতেই হাঁফিয়ে উঠছেন সুস্থ হওয়া ব্যক্তিরা। সে কারণে ধাপে ধাপে কর্মজীবনে ফেরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এ ছাড়া গাঁটে ব্যথা, শরীরে ব্যথা, সারা শরীর জুড়ে ক্লান্তি, মাথা ব্যথার সমস্যাও দেখা যাচ্ছে। গুলেরিয়া বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় ব্রেন ফগ নামে একটি রোগের কথা শোনা যাচ্ছে যাতে সুস্থ হয় ওঠার পরে ব্যক্তিদের কোনও কাজে মনঃসংযোগ করতে সমস্যা হচ্ছে। অনেকেই কোভিড থেকে ওঠার পরে মানসিক অবসাদ ও অনিদ্রায় ভুগছেন।’’ তাঁর কথায়, ‘‘এ ধরনের উপসর্গগুলি টানা দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy