Advertisement
E-Paper

উত্তরপ্রদেশে ‘এনকাউন্টার’! পুলিশের গুলিতে মুজফ্‌ফরনগরে হত দুষ্কৃতী, মাথার দাম ছিল ৫০ হাজার, উদ্ধার কার্বাইন, পিস্তল

পুলিশ সূত্রে খবর, মুজফ্‌ফরনগরের ত্রাস ছিলেন আমজাদ। খুন, তোলাবাজি, অপহরণ-সহ বহু মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে। অনেক দিন ধরেই আমজাদকে ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১
মুজফ্‌ফরনগরের এই জঙ্গলেই পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় দুষ্কৃতীর। ছবি: সংগৃহীত।

মুজফ্‌ফরনগরের এই জঙ্গলেই পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় দুষ্কৃতীর। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশে ‘এনকাউন্টার’। বুধবার গভীর রাতে কুখ্যাত দুষ্কৃতী আমজাদকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই সময় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই হয়। সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে আমজাদের। পুলিশ সূত্রে খবর, আমজাদের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় ছিল তাঁর নাম।

পুলিশ সূত্রে খবর, মুজফ্‌ফরনগরের ত্রাস ছিলেন আমজাদ। খুন, তোলাবাজি, অপহরণ-সহ বহু মামলা ঝুলছে তাঁর বিরুদ্ধে। অনেক দিন ধরেই আমজাদকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে, মুজফ্‌ফরনগরের বুঢানায় বিজ্ঞান রোডের কাছে দেখা গিয়েছে আমজাদকে। তার পরই পুলিশের বিশেষ দল সেখানে পৌঁছোয়। দাবি, পুলিশকে লক্ষ্য করে কার্বাইন দিয়ে গুলি চালাতে থাকেন আমজাদ। তার পর রাস্তার পাশের জঙ্গলে ঢুকে পড়েন।

আমজাদকে ধরতে পুরো জঙ্গল ঘিরে ফেলা হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই দুষ্কৃতীকে প্রথমে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তা না করে পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন আমজাদ। পাল্টা গুলি চালায় পুলিশও। কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। তার পরই আমজাদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। সংঘর্ষে আহত হয়েছেন এক সাব-ইনস্পেক্টর এবং এক জন কনস্টেবল। পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন আমজাদ। পাল্টা গুলি চালায় পুলিশও।

পুলিশ সুপার জানিয়েছেন, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় আমজাদের অপরাধের জাল ছড়ানো। তাঁর বিরুদ্ধে এই রাজ্যগুলিতে ৪০টি অপরাধের মামলা ঝুলছে। আমজাদের কাছ থেকে একটি ৯এমএম কার্বাইন, পিস্তল এবং কার্তুজ উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক অপরাধের সঙ্গেও জড়িত ছিলেন আমজাদ। এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার।

Muzaffarnagar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy