গুজরাত থেকে রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার গুজরাত বিধানসভা ভবনে গিয়ে রিটার্নিং অফিসার হিসাবে রীতা মেহতার কাছে মনোনয়ন জমা দেন তিনি। জয়শঙ্করের সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এবং রাজ্য বিজেপি সভাপতি সিআর পাতিল।
আগামী ২৪ জুলাই বাংলার সাতটি আসনের পাশাপাশি গুজরাতের তিন এবং গোয়ার একটি রাজ্যসভা আসনেও ভোটগ্রহণ এবং গণনা হবে। ১৩ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই। পরিষদীয় পাটিগণিতের হিসাব বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য থেকে বিজেপি তিন জন প্রার্থীকে অনায়াসে জেতাতে পারবে।
আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব পদ থেকে অবসর নেওয়ার পরে ২০১৯ সালের ৩০ মে মোদী মন্ত্রিসভার বিদেশমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন জয়শঙ্কর। এর পর গুজরাতের ওই আসন থেকে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৭ সালের রাজ্যসভা ভোটে ওই আসনের জয়ী হয়েছিলেন শাহ। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে গান্ধীনগর থেকে জেতার পরে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন শাহ।