Advertisement
E-Paper

ব্যস্ত সড়কের মাঝামাঝি বসে একরত্তি, সামনে এসে ব্রেক কষলেন বাসচালক! কোলে তুলে নিতেই বাঁচল শিশু, ভিডিয়ো প্রকাশ্যে

একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাস আসার ঠিক আগে প্রধান সড়কে হামাগুড়ি দিয়ে উঠছে এক শিশু। বাসচালকের তৎপরতায় শিশুটির জীবন রক্ষা পায়। সেই ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা এখন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১০:১৯

ছবি: সংগৃহীত।

বাবা-মায়ের নজর এড়িয়ে হামাগুড়ি দিয়ে সোজা রাস্তায় এসে বসে রয়েছে একরত্তি। ব্যস্ত সড়ক দিয়ে চলাচল করছে একের পর এক গাড়ি। শিশুটি একেবারে মাঝরাস্তায় বসে। হঠাৎ করে একটি বাস দ্রুত গতিতে ছুটে আসে। শিশুটিকে দেখে কোনও রকমে ব্রেক কষে দাঁড় করিয়ে দেন চালক। কন্ডাকটর ছুটে এসে কোলে তুলে নেন শিশুটিকে। বড়সড় বিপদ থেকে রক্ষা পায় খুদে দস্যি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি কেরলের মালাপ্পুরম জেলার। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাস আসার ঠিক আগে প্রধান সড়কে হামাগুড়ি দিয়ে উঠছে এক শিশু। বাসচালকের তৎপরতায় শিশুটির জীবন রক্ষা পায়। সেই ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা এখন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘অটোকবির’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায় শিশুটি হঠাৎ হামাগুড়ি দিয়ে উঠে এসে মূল রাস্তায় বসে রয়েছে। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছিল ১০ জুন, আনুমানিক সকাল সাড়ে ৮টায়। চালক শিশুটিকে দেখতে পাওয়ামাত্রই দ্রুত ব্রেক কষে বাসটি থামিয়ে দেন। বাসটি থামার পর কন্ডাক্টর দ্রুত শিশুটির দিকে ছুটে গিয়ে রাস্তা থেকে তাকে কোলে তুলে নেন। বিপরীত দিক থেকে আসা যানবাহনের ধাক্কা যাতে না লাগে তাই তিনি শিশুটিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন।

সংবাদমাধ্যম থেকে পাওয়া অনুসারে, বাসের কন্ডাকটর শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দিয়েছে। সে কী ভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে সড়কে উঠে পড়ল সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। শিশুর মা-বাবা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি বলেই জানা গিয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। বাসচালকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন নেটাগরিকেরা। আবার অনেকেই শিশুটির মা-বাবার দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্নও তুলেছেন নেটমাধ্যমে।

Kerala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy