ভোর সাড়ে ৫টা নাগাদ জিমের বাইরে শরীরচর্চায় ব্যস্ত ছিলেন কিছু তরুণ। তাঁদের প্রশিক্ষণ দিচ্ছিলেন জিমের মালিকও। বাইকে চড়ে দুই দুষ্কৃতী এসে পর পর ১০ রাউন্ড গুলি চালাতেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ। সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে হরিয়ানার হাঁসিতে। ২৫ বছর বয়সি জিম-মালিকের নাম দীপক। প্রকাশ্যে তরুণকে গুলি করে হত্যার দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ ওই যুবক জিমের বাইরে তাঁর ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এ সময় দু’টি বাইকে করে আসে আততায়ীরা। কোনও কিছু বুঝে ওঠার আগেই তারা যুবককে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুলি চালানোর পর দুই হামলাকারী তাদের মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন দীপক। বাকি তরুণেরা ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ভয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
খবর পেয়েই পুলিশের একট দল এসে পৌঁছোয় ঘটনাস্থলে। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেদন অনুসারে, তদন্তকারীরা হামলাকারীদের শনাক্ত ও খুঁজে বার করার জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন। বাবা-মায়ের একমাত্র সন্তান দীপকের এই হত্যাকাণ্ডটি পুরনো শত্রুতার ফল না কি অন্য কোনও কারণ রয়েছে, তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। একটি প্রেমঘটিত বিয়ের সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও তদন্তকারীরা এখনও আততায়ীদের উদ্দেশ্য নিশ্চিত করতে পারেননি।