Advertisement
E-Paper

শ্রাবণে আমেরিকায় পড়ে পুরোহিতের আকাল, ব্রাহ্মণের দক্ষিণা বহু ভারতীয়ের মাসমাইনের বেশি! ভিডিয়োয় দাবি তরুণীর

ভারতীয় এক তরুণী বর্তমানে আমেরিকায় থাকেন। দৈনন্দিন জীবনের নানা ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন। তেমনই এক ভিডিয়োতে তিনি জানালেন সুদূর আমেরিকায় হিন্দু পুরোহিতেরা পুজোর জন্য কত দক্ষিণা নেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১২:১৮

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দু ধর্মে পুজো-অর্চনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেশ বদলালেও পুজো করার গুরুত্ব কিন্তু লঘু হয় না। কিন্তু বিদেশের মাটিতে কি পুরোহিত পাওয়া যায়? হ্যাঁ যায়। কিন্তু সেই পুরোহিতের দক্ষিণাও হয় আকাশছোঁয়া। সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে তেমনটাই জানালেন এক তরুণী। ভারতীয় সেই তরুণী বর্তমানে আমেরিকায় থাকেন। দৈনন্দিন জীবনের নানা ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন। তেমনই এক ভিডিয়োতে তিনি জানালেন সুদূর আমেরিকায় হিন্দু পুরোহিতেরা পুজোর জন্য কত দক্ষিণা নেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন তরুণী। সেখানে দাঁড়িয়েই ভিডিয়ো করছেন তিনি। ভিডিয়োর শুরুতেই তরুণী জানালেন যে আমেরিকায় হিন্দু পুরোহিতেরা পুজো করার জন্য কত টাকা পান এবং কোন ভিসায় সেই দেশে পাড়ি দেন তা অনেকেই তরুণীর কাছে জানতে চেয়েছেন। তরুণীর বক্তব্য অনুযায়ী, হিন্দু পুরোহিতেরা সত্যনারায়ণ পুজোর জন্য দক্ষিণা হিসাবে পান ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার থেকে ৩০ হাজার টাকা। দশকর্মার জিনিস যদি নিজেরা কিনতে পারেন ভাল, তা না হলে সেই সমস্ত দ্রব্য ব্রাহ্মণকে আনতে দিতে চাইলে আলাদা টাকা দিতে হবে। এখানেই শেষ নয়। মন্দিরে পুজো দিতে গেলে খরচ হয় ভারতীয় মুদ্রায় ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। আমেরিকায় হিন্দু পুরোহিতদের চাহিদাও প্রচুর, তেমনটাই জানালেন তরুণী। বিশেষ করে শ্রাবণ মাসে, গৃহপ্রবেশের জন্য, নতুন গাড়ি পুজো করা প্রভৃতি ক্ষেত্রে ডাক পড়ে হিন্দু পুরোহিতদের। বিদেশে পৌরোহিত্য করার জন্য কোন ভিসা প্রয়োজন ভিডিয়োয় সেই খোঁজও দিয়েছেন তরুণী। এ ক্ষেত্রে আর-১ ভিসার জন্য আবেদন করতে হবে। তবে এটি পেতে গেলে পরীক্ষাতেও বসতে হবে। সেই পরীক্ষায় পাশ করার জন্য হিন্দু শাস্ত্র এবং পৌরোহিত্য নিয়ে পড়াশোনা করা আবশ্যিক। তা হলেই পাওয়া যাবে আমেরিকায় গিয়ে পৌরোহিত্য করার ভিসা। তরুণীর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘সারিকা_ইন_আমেরিকা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় ২ লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োটি দেখার পর অবাক হয়েছেন নেটাগরিকেরা। মন্তব্যবাক্সে অনেকেই আমেরিকায় গিয়ে পুরোহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে আমেরিকায় গিয়ে পৌরোহিত্য করতে চাই।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আমার ছেলে এখন ছোট, বড় হলে তাঁকে এ বিষয়ে পড়াশোনা করিয়ে আমেরিকায় পাঠাব।’’

Viral Video america Viral Story Instagram Viral Instagram Reel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy