Advertisement
E-Paper

Alt News: জুবেরের জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, তবে মুক্তি মিলবে না এখনই

২০১৮-র একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, এই অভিযোগে ‘অল্ট নিউজে’র সহ-প্রতিষ্ঠাতা জুবেরকে ২৬ জুন গ্রেফতার করে দিল্লি পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১৩:০৫
মহম্মদ জুবের।

মহম্মদ জুবের। ফাইল চিত্র।

বিতর্কিত টুইট মামলায় ধৃত সাংবাদিক মহম্মদ জুবেরের জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ১ জুন উত্তরপ্রদেশে দায়ের হওয়া একটি মামলায় তাঁর জামিনের আবেদন শুক্রবার অনুমোদন করেছে শীর্ষ আদালত। কিন্তু দিল্লি পুলিশের দায়ের করা বিতর্কিত টুইট সংক্রান্ত মামলায় জামিন না মেলায় এখনই মুক্তি পাবেন না তিনি।

‘হিন্দু শের সেনা’ নামে একটি সংগঠনের প্রধান ভগবান শরন উত্তরপ্রদেশের সীতাপুরে জুবেরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ইচ্ছাকৃত এবং অসৎ উদ্দেশ্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা) এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলাতেই খবরের সত্যতা যাচাই করার সংবাদমাধ্যম অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা জুবেরকে শুক্রবার পাঁচ দিনের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্ত, তিনি কোনও টুইট করতে পারবেন না এবং দিল্লির বাইরে যেতে পারবেন না।

প্রসঙ্গত, জুবেরের ২০১৮ সালের একটি টুইটে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে’, এই অভিযোগে দিল্লি পুলিশ গত রবিবার (২৬ জুন) তাঁকে গ্রেফতার করেছিল। ২৭ জুন তাঁকে এক দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়। ফের জেরার জন্য দিল্লি পুলিশ জুবেরকে হেফাজতে নেওয়ার আবেদন জানালে ২৮ জুন বিচারক আরও চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। সেই সময়সীমা শেষ হওয়ায় গত শনিবার দিল্লির পটিয়ালা আদালতে জুবেরের তরফে জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী বৃন্দা গ্রোভার। কিন্তু মুখ্য বিচারবিভাগীর ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা শ্রীবাস্তব দিল্লি পুলিশের আবেদনে‌ সাড়া দিয়ে জুবেরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জুবের। তাঁর তরফে আইনজীবী কলিন গঞ্জালভেস বৃহস্পতিবার বলেন, ‘‘আমরা জরুরি ভিত্তিতে আবেদনের শুনানির জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছি।’’ পাশাপাশি তাঁর মক্কেলকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন কলিন।

এরই মধ্যে সীতাপুরে জুবেরের বিরুদ্ধে নতুন মামলা দায়ের হয়। ধৃত জুবেরের বিরুদ্ধে গত সপ্তাহে নতুন অভিযোগ আনে দিল্লি পুলিশও। তার মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ ধ্বংস করা। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের (ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ) ৩৫ নম্বর ধারা অমান্যেরও অভিযোগ এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ।

অভিযোগ, বিধি ভেঙে পাকিস্তান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরব থেকে আর্থিক অনুদান নিয়েছেন জুবের। যদিও অল্ট নিউজের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রসঙ্গত, বিজেপি নেত্রী (বর্তমানে সাসপেন্ডেড) নূপুর শর্মা যে টেলিভিশন অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন, তা জুবেরই প্রথম নেটমাধ্যমে প্রকাশ্যে এনেছিলেন।

Alt News Mohammed Zubair Supreme Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy