Advertisement
E-Paper

‘উনি নিজের ভুল বুঝতে পেরেছেন’, প্রস্রাবকাণ্ডে সরকারের কাছে ধৃতকে মুক্তির আর্জি নির্যাতিতের

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে নির্যাতিত আদিবাসী শ্রমিত দশমত বলেন, “উনি (প্রবেশ) আমাদের গ্রামের পণ্ডিত। আমরা সরকারের কাছে ওঁর মুক্তির দাবি জানিয়েছি।”

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৬:৫৭
He realized his mistake, Urination case victim seeks release of accused

প্রস্রাবকাণ্ড অভিযুক্ত সেই ব্যক্তি (বাঁ দিকে)। ভিডিয়ো থেকে প্রাপ্ত ঘটনার ছবি (ডান দিকে) —টুইটার।

আদিবাসী শ্রমিকের মুখে-গায়ে প্রস্রাব করার ঘটনা নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তাল থেকেছে মধ্যপ্রদেশ। রাজনীতিও সরগরম হয়ে উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে। এই আবহেই এ বার সেই আদিবাসী শ্রমিক দশমত রাওয়ত অভিযুক্ত এবং পুলিশের হাতে ধৃত প্রবেশ শুক্লকে মুক্তি দেওয়ার জন্য আর্জি জানালেন। এই বিষয়ে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের কাছে পাঠানো আর্জিপত্রে দশমত লেখেন, “উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। এখন প্রবেশ শুক্লকে ছেড়ে দেওয়া উচিত। অতীতে যা-ই ঘটে থাকুক, ভুল বুঝতে পারাটাই আসল কথা।”

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে দশমত বলেন, “উনি (প্রবেশ) আমাদের গ্রামের পণ্ডিত। আমরা সরকারের কাছে ওঁর মুক্তির দাবি জানিয়েছি।” তিন দিন আগে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেন আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যায়, প্রবেশ শুক্ল নামের ওই ব্যক্তি আদিবাসী শ্রমিক দশমত রাওয়তের মুখে, গায়ে প্রস্রাব করছেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশে শোরগোল পড়ে যায়। গত ৪ জুলাই ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের সিধি জেলার কুবরি গ্রামে।

স্থানীয় বেশ কয়েকটি সূত্রে দাবি করা হয়, প্রবেশ বিজেপির সক্রিয় কর্মী। বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লর ঘনিষ্ঠ। যদিও বিজেপি বিধায়ক প্রবেশের সঙ্গে যোগের কথা অস্বীকার করেন। প্রবেশের ঘটনা নিয়ে রাজনৈতিক এবং বিভিন্ন মহল সরব হওয়ায় তড়িঘড়ি অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করে প্রশাসন। তাঁকে গ্রেফতার করা হয়। এমনকি বুলডোজ়ার দিয়ে তাঁর বাড়ির একাংশ গুঁড়িয়েও দেওয়া হয়। প্রবেশের বাবা রমাকান্ত শুক্ল বলেন, তিনি বিজেপি বিধায়কের এক জন প্রতিনিধি। তাই তাঁকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। তাঁর আরও সাফাই, “আমার ছেলে এ ধরনের কাজ করতে পারে না। ওঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।”

চলতি বছরেই মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনায় আদিবাসীরা শাসক বিজেপির দিক থেকে মুখ ফেরাতে পারে বলে আশঙ্কা তৈরি হয় পদ্মশিবিরের নেতাদের মধ্যে। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যেতেই সক্রিয় হন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। দশমতের কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী। এমনকি তাঁকে নিজের বাসভবনে ডেকে নিয়ে এসে হাত-পা ধুইয়ে দেন। পরিয়ে দেন উত্তরীয়। কিছু উপহার দেন। শুধু তাই-ই নয়, নিজের হাতে শিবরাজ খাইয়েও দেন দশমতকে। দশমতকে বাসভবনে ডেকে ‘অতিথি আপ্যায়নের’ গোটা ঘটনাটি নিজের টুইটার হ্যান্ডলেও শেয়ার করেন শিবরাজ। এই ঘটনায় কিছুটা হতচকিত হয়ে গিয়েছিলেন দশমত। মুখ্যমন্ত্রী তাঁর জুতো খুলতে যাওয়ায় দশমত ইতস্তত বোধ করেন। যদিও শিবরাজ জোর করেই জুতো খুলে নেন। তার পর দশমতকে বলেন, “ওই ঘটনার ভিডিয়ো দেখে অত্যন্ত ব্যথিত হয়েছিলাম। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনাদের মতো মানুষই আমার কাছে ঈশ্বর।”

Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy