বৃষ্টিতে ভাসছে মুম্বই। বিপর্যস্ত বাণিজ্যনগরীর বিস্তীর্ণ অঞ্চল। কোথাও হাঁটুসমান, কোথাও গোড়ালিসমান জল। মৌসম ভবন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহর জুড়ে। ফলে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় যানবাহন চলাচল করলেও গতি খুবই মন্থর। ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। বুধবার ভোরে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জেরে হারবার লাইনে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।
বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) জানিয়েছে, পূর্ব শহরতলির মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মানখুর্দে (১৭০.৪ মিমি), বাইকুলা (১৬২.৫২ মিমি)। অন্য দিকে, মুম্বই সেন্ট্রাল (১৪২.৪৩ মিমি), ওয়াডলা (১২৭ মিমি)। আবার পশ্চিম শহরতলির বান্দ্রা কুর্লায় (১৩২.৪ মিমি), বোরিভালিতে (১২৬ মিমি)। মৌসম ভবন জানিয়েছে, অন্ধেরি, ঠাণে, পালঘর, রায়গড় এবং মুম্বইয়ের বেশির ভাগ অঞ্চলে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।
প্রসঙ্গত, এ বার মুম্বইয়ে নির্ধারিত সময়ের ১৩ দিন পর বর্ষা ঢুকেছে। কিন্তু দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখনও পুরোপুরি সক্রিয় হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কয়েক দিনের মধ্যে মৌসুমি বায়ু আরও শক্তি সঞ্চয় করবে। তখন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা করছেন আবহবিদেরা। কোঙ্কণ অঞ্চলের পালঘর, সিন্ধুদুর্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ধুলে, নন্দুরবাড়, জলগাঁও, মাসিক, নাসিক ঘাট এবং উত্তর মহারাষ্ট্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পুণে, কোলহাপুর, সাতারা, সাঙ্গলি, সোলাপুরে আগামী দিনে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।