Advertisement
E-Paper

হিজ়বুল্লার নিন্দা করেও লেবাননের উপর ইজ়রায়েলি হামলায় উদ্বেগ জানাল ৩০ দেশ, তালিকায় ভারতও

ভারত-সহ মোট ৫০টি দেশ লেবাননে রাষ্ট্রপুঞ্জের মোতায়েন করা অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল)-এ সেনা পাঠিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০০:০৯
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পারবাথনেনি হরিশ।

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পারবাথনেনি হরিশ। —ছবি : সংগৃহীত

রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীতে সেনা সরবরাহকারী ৩০টি রাষ্ট্র বুধবার লেবাননের উপর ইজ়রায়েলি সেনার ধারাবাহিক হামলায় উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি, যৌথ বিবৃতিতে ইরান যুদ্ধের আবহে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার নতুন করে হামলা শুরুর সমালোচনাও করা হয়েছে বিবৃতিতে।

ভারত-সহ মোট ৫০টি দেশ লেবাননে রাষ্ট্রপুঞ্জের মোতায়েন করা অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল)-এ সেনা পাঠিয়েছে। তাদেরই মধ্যে ৩০টি দেশের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পারবাথনেনি হরিশ বুধবার এই পদক্ষেপের কথা জানিয়ে এক্স পোস্টে লিখেছেন, “আজ আমি আমাদের অংশীদারদের সঙ্গে যোগ দিয়ে ইউএনআইএফআইএল -এ শান্তিরক্ষী হিসেবে মোতায়েন সাহসী নারী ও পুরুষদের প্রতি আমাদের সমর্থন প্রদর্শন করেছি, কারণ তারা ক্রমবর্ধমান সঙ্কট ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।’’

ভারতীয় শান্তিরক্ষীরা এই কঠিন সময়েও তাদের দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন এবং স্থানীয়দের সহায়তা করছে বলে হরিশ জানিয়েছেন। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে ইজ়রায়েলি সেনার হামলার পরেই প্রত্যাঘাত করেছিল তেহরানের মদতপুষ্ট হিজ়বুল্লা। জবাবে রাজধানী বেইরুট-সহ লেবাননের বিস্তীর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমানহামলা শুরু করেছে তেল আভিভ। এর জেরে এখনও পর্যন্ত অন্তত ৮ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। সেখানে মোতায়েন শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হরিশের মন্তব্য, ‘‘রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৫৮৯ অনুযায়ী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেছি আমরা।’’

United Nations america Parvathaneni Harish
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy