Advertisement
E-Paper

‘নজরে রয়েছে’! ইরান নিয়ে প্রথম মুখ খুলল ভারত, সে দেশে থাকা ভারতীয়দের সতর্ক করে বার্তা নয়াদিল্লির

ইরানে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁরা পথে নেমেছেন। ক্রমে তা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহের আকার নিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২১:১৯
India observe on the situation of mass protests in Iran

আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের বিরুদ্ধে আন্দোলনের তেজ বাড়ছে ইরান। ছবি: পিটিআই।

গণবিক্ষোভে উত্তাল ইরানের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সোমবার এমনই জানালেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। পাশাপাশি ইরানে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বললেন তিনি। ইরানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে বলে জানান মিস্রী। তবে ইরানের পরিস্থিতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, তেহরানের পাল্টা হুঁশিয়ারি নিয়ে কোনও মন্তব্য করেনি নরেন্দ্র মোদী সরকার।

দু’দিনের সফরে ভারতে এসেছেন জার্মানির চান্সেলর (রাষ্ট্রপ্রধান) ফ্রিডরিখ মের্ৎজ়। সোমবার গুজরাতের গান্ধীনগরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন তিনি। সেই বিষয়ে সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশসচিবকে ইরান এবং গ্রিনল্যান্ডের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের জবাবে মিস্রী জানান, দুই দেশের পরিস্থিতি এবং রাষ্ট্রনেতাদের আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারবেন না। তবে অবশ্যই ইরানের পরিস্থিতির উপর ভারত নজর রাখছে বলে জানান মিস্রী।

ভারতের বিদেশসচিবের কথায়, ‘‘ইরানে অনেক ভারতীয় থাকেন, পড়ুয়ারা পড়াশোনার জন্য গিয়েছেন। ইরানে আমাদের দূতাবাস সেখানে থাকা প্রবাসী ভারতীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। সকলে ঠিকঠাক রয়েছেন। এখনও পর্যন্ত তাঁরা কোনও সমস্যার সম্মুখীন হননি।’’ ইরানের থাকা ভারতীয়দের উদ্দেশে মিস্রীর পরামর্শ, ‘‘অযথা বাইরে বার হবেন না। কোনও অশান্তি থেকে দূরে থাকুন।’’

ইরানে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁরা পথে নেমেছেন। ক্রমে তা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহের আকার নিয়েছে। তবে সেই বিক্ষোভ-আন্দোলন কঠোর ভাবে দমন শুরু করে তেহরান। আন্দোলনকারীদের দাবি, সোমবার পর্যন্ত ইরানে ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। গত দু’সপ্তাহে আটক হয়েছেন ১০,৬০০ জন। ইরানের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের উপর ইরানের কঠোর দমননীতি অনুসরণ করছে প্রশাসন, তার ভিত্তিতে মার্কিন হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তিনি। সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানান ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের কালিবাফ সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইজ়রায়েলকে। তিনি জানিয়েছে, ইরানে হামলা হলে ইজ়রায়েল (যাকে ‘দখলিকৃত’ ভূখণ্ড বলেছেন) এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক কেন্দ্র, ঘাঁটি, জাহাজকে ‘নিশানা’ করা হবে। এ নিয়ে দু’দেশের মধ্যে চাপানউতরের মধ্যে ইরানের পরিস্থিতি নিয়ে মুখ খুলল ভারত।

Iran Protest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy