Advertisement
E-Paper

ভারতে ‘ধর্মীয় স্বাধীনতা’ নিয়ে উদ্বেগ মার্কিন রিপোর্টে! নয়াদিল্লি বলল, ‘পক্ষপাতদুষ্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত’

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ওয়াশিংটনকে নিশানা করা হয়েছে। পাশাপাশি নাম না-করে আমেরিকায় খলিস্তানপন্থীদের তৎপরতাকে নিশানা করেন রণধীর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২৩:৫৬
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

ঘৃণাভাষণ এবং ধর্মান্তরণ-বিরোধী আইনের নিন্দা করা হয়েছিল আগেই। এ বার ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত রিপোর্টে ‘২০২৫ সালে ভারতের পরিস্থিতি আরও খারাপ হয়েছে’ বলে অভিযোগ তুলল আমেরিকা। মার্কিন সংস্থা ‘ইউএসসিআইআরএফ (ইউনাইটেড স্টেটস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম) ২০২৬’ শীর্ষক ওই রিপোর্ট প্রকাশের পরেই পাল্টা তোপ দেগেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ওয়াশিংটনকে নিশানা করা হয়েছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোমবার বলেন, ‘‘ইউএসসিআইআরএফ-এর সর্বশেষ রিপোর্টটির বিষয়ে আমরা অবগত হয়েছি। এতে ভারতের পরিস্থিতি সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট অভিযোগ আনা হয়েছে, আমরা তা সরাসরি প্রত্যাখ্যান করছি। গত কয়েক বছর ধরে ইউএসসিআইআরএফ ভারত সম্পর্কে একটি বিকৃত ও নেতিবাচক চিত্র উপস্থাপন করে আসছে। তাদের রিপোর্টটি নিরপেক্ষ তথ্যের বদলে সন্দেহজনক উৎস ও মতাদর্শগত বয়ানের উপর নির্ভর করে তৈরি। বারবার এ ধরনের ভ্রান্ত উপস্থাপন শেষ পর্যন্ত ইউএসসিআইআরএফ-এর বিশ্বাসযোগ্যতাকেই ক্ষুণ্ণ করবে।’’

এর পরেই নাম না-করে আমেরিকায় খলিস্তানপন্থীদের তৎপরতাকে নিশানা করেন রণধীর। তিনি বলেন, ‘‘ভারতের সমালোচনা করার বদলে, আমেরিকায় হিন্দু মন্দিরে ভাঙচুর ও হামলার উদ্বেগজনক ঘটনা এবং আমেরিকায় প্রবাসী ভারতীয় জনগোষ্ঠীর সদস্যদের প্রতি বাড়তে থাকা অসহিষ্ণুতা ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়গুলোর দিকে ইউএসসিআইআরএফ-এর মনোযোগ দেওয়া উচিত। ওই বিষয়গুলি সত্যিই গুরুতর।’’ প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই ধর্মীয় স্বাধীনতা রিপোর্টে ভারতকে নিশানা করছে আমেরিকা। এ বারের রিপোর্টে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

USA India America
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy