Advertisement
E-Paper

আরও পাঁচ শতাংশ ‌বাড়ল বিমানের জ্বালানির দাম! পর পর দু’মাস বৃদ্ধি, খরচ বাড়ছে বিদেশযাত্রার

আমেরিকা-ইরানের সংঘর্ষের কারণে ‌অনেক দিন ধরেই জ্বালানির দাম চড়া। বিশ্বের বাজারেও চড়া মূল্যে এই জ্বালানি তেল বিক্রি হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৪:১২
আন্তর্জাতিক বিমানের জ্বালানির দাম বেড়েছে।

আন্তর্জাতিক বিমানের জ্বালানির দাম বেড়েছে। —ফাইল চিত্র।

বিমানের জ্বালানির দাম আরও বেড়ে গেল। অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ) বা জেট ফুয়েলের দাম পাঁচ শতাংশ বৃদ্ধি করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শুক্রবার থেকেই এই বর্ধিত মূল্য কার্যকর করা হবে। এই নিয়ে দু’মাসে পর পর দু’বার বিমানের জ্বালানির দাম বৃদ্ধি পেল ভারতে। তবে নতুন বর্ধিত দাম কেবল আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেশের অভ্যন্তরে বিমানযাত্রার খরচে এর প্রভাব পড়বে না।

আমেরিকা-ইরানের সংঘর্ষের কারণে ‌অনেক দিন ধরেই জ্বালানির দাম চড়া। বিশ্বের বাজারেও চড়া মূল্যে এই জ্বালানি তেল বিক্রি হচ্ছে। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারদরের কথা মাথায় রেখে বিমানের জ্বালানির দাম ফের বৃদ্ধি করতে হয়েছে। এর আগে গত ১ এপ্রিল বিমানের জ্বালানির দাম এক ধাক্কায় অনেকটা বেড়েছিল। সেই বর্ধিত মূল্য অভ্যন্তরীণ বিমানগুলির ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল। এ বার আন্তর্জাতিক বিমানের জ্বালানির দাম বাড়ল।

মূল্যবৃদ্ধির পর দিল্লিতে শুক্রবার আন্তর্জাতিক বিমানের জ্বালানির দাম প্রতি কিলোলিটারে ৭৬.৫৫ ডলার (৭৩০০ টাকা প্রায়) বেড়েছে। এর ফলে প্রতি কিলোলিটার তেলের দাম এখন হয়েছে ১৫১১.৮৬ ডলার (১.৪৩ লক্ষ টাকা)। ভারতের ব্যস্ততম বিমানবন্দর রয়েছে রাজধানী দিল্লিতে। জ্বালানির দামের ক্ষেত্রে এই শহরের মূল্যকেই মানদণ্ড হিসাবে ধরা হয়।

গত মাসে অভ্যন্তরীণ বিমানের জ্বালানির মূল্য ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। প্রতি কিলোলিটার তেলের দাম এখন ১.০৪ লক্ষ টাকা। গত কয়েক বছরের মধ্যে এটাই ছিল বিমানের জ্বালানির সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। সাম্প্রতিক সময়ে দাম এক ধাক্কায় এতটা কখনও বাড়েনি। এর ফলে বিমানের টিকিটের দামও বেশ খানিকটা বেড়েছে।

এটিএফ-এর দামের যে কোনও হেরফের বিমানভাড়ায় সরাসরি প্রভাব ফেলে। প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে বিমানের জ্বালানির দাম সংশোধন করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। তবে এক ধাক্কায় এত বেশি মূল্যবৃদ্ধি সচরাচর ঘটে না। ফলে ভারত থেকে বিদেশে যায় যে সমস্ত বিমান, তার টিকিটের দাম শুক্রবারের পর থেকে বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার থেকে অটোর এলপিজি-র দামও বেড়েছে।

Fuel Price plane fare Air TRavel Air Traffic Control
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy