গরমের মরসুমে মাথার ব্যথা নিয়ে বড়ই মাথা ঘামাতে হয় অনেককে। কখনও রোদ উঠছে, কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে— আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়ছে সমস্যা। রোদে বেরোলে তীব্র মাথা ব্যথায় ভোগেন কেউ কেউ, আবার বৃষ্টিতে ভিজলেও একই হাল হয় কারও কারও। কখনও মাথার ডান দিকে, কখনও বাঁ দিকে, কখনও মাঝখানে, আবার কখনও বাঁ দিক থেকে শুরু করে একেবারে ডান দিক অবধি ব্যথার স্রোত বয়ে যায়। তবে এই মাথা ব্যথা সাইনাসের কারণে হচ্ছে, না কি মাইগ্রেনের জন্য, সেই তফাত বুঝতে পারেন না অনেকেই।
গরমের দিনে সংক্রমণের ঝুঁকিও বাড়ে, তাই সাইনাসের বাড়বাড়ন্ত এই মরসুমে খুবই সাধারণ বিষয়। অন্য দিকে, গরম এবং রোদ একত্রে মাইগ্রেনের উদ্দীপক হিসাবে কাজ করে, তাই এই রোগেও বহু মানুষ আক্রান্ত হন। এ বার সমস্যা হল, কোনটি থেকে আপনার সমস্যা হচ্ছে, তা বুঝবেন কী করে?
গরমে মাথা ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। ডিহাইড্রেশন থেকেও মাথা ব্যথা হওয়া স্বাভাবিক। তবে এই মরসুমে সাইনাস আর মাইগ্রেনের সমস্যা থাকলে রোগীকে বাড়তি সতর্ক থাকতেই হবে, এমনটাই মত চিকিৎসক শুভম সাহার। চিকিৎসক বলেন, ‘‘সাইনাস হলে মাথা যন্ত্রণার পাশাপাশি নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নাকে জ্বালাভাব আর নাক থেকে রক্তপাত— এই উপসর্গগুলি থাকবে। এরই সঙ্গে দাঁত, চোখ এবং হনুর হাড়ে ব্যথা হতে পারে। একই সঙ্গে সাইনাসের সমস্যা থাকলে অ্যালার্জির ধাতও কিন্তু থাকবে। এ ক্ষেত্রে ত্বকের সংক্রমণ, চুলকানি হতে পারে। এ ছাড়া জ্বরও হতে পারে কোনও কোনও ক্ষেত্রে।’’
মাইগ্রেনের ক্ষেত্রে ব্যথার ধরন একেবারেই আলাদা হয়। শুভম বলেন, ‘‘মাথার এক দিকেই ব্যথা হয় বেশি। সারা ক্ষণ দপদপ করতে থাকে। সাধারণত ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা অবধি ব্যথা থাকতে পারে। কেবল মাথায় নয়, ঘাড়ে ও মাথার পিছন দিকেও যন্ত্রণা হয়। সেই সঙ্গে বমি ভাব থাকে। চোখ খুলে রাখা যায় না বেশি ক্ষণ। চোখে আলো পড়লেও কষ্ট হয়। কারও চা-কফি থেকে ব্যথা বাড়ে, কারও সিগারেট বা মদ্যপান করলে যন্ত্রণা বেড়ে যায়।’’