Advertisement
E-Paper

কাজের সময় শেষ, বিমান চালাতে নারাজ পাইলট, জয়পুর বিমানবন্দরে বিপাকে যাত্রীরা

রবিবার লন্ডন থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বিমানটি জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১০:৪৪
এয়ার ইন্ডিয়ার বিমানে পাইলটের কারণে বিপাকে যাত্রীরা।

এয়ার ইন্ডিয়ার বিমানে পাইলটের কারণে বিপাকে যাত্রীরা। —ফাইল চিত্র।

৩৫০ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে দিল্লির পথে উড়ান দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। আবহাওয়া খারাপ থাকার কারণে দিল্লি না গিয়ে জয়পুরের বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তবে আবহাওয়া পরিষ্কার হয়ে গেলেও জয়পুর বিমানবন্দর থেকে যাত্রা শুরু করতে রাজি হলেন না এয়ার ইন্ডিয়া বিমানের পাইলট। তাঁর কাজের সময় বা তথাকথিত ‘ডিউটি আওয়ার্স’ শেষ। সময়সীমা ফুরিয়ে যাওয়ার পর কেন আবার কাজ করবেন তিনি? সেই কারণে রবিবার এয়ার ইন্ডিয়ার এআই-১১২ বিমানের ৩৫০ জন যাত্রী প্রায় পাঁচ ঘণ্টা জয়পুর বিমানবন্দরে আটকে পড়েন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, রবিবার লন্ডন থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। সঠিক সময় মেনে চললে রবিবার ভোর ৪টে নাগাদ দিল্লির বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বিমানটি জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। জয়পুর বিমানবন্দরে অবতরণের আগে আকাশপথে প্রায় ১০ মিনিট পাক খায় বিমানটি।

দু’ঘণ্টা পর আবহাওয়া পরিষ্কার হলে দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর তরফে তা জানানো হয়। যে সব বিমান খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরের পরিবর্তে জয়পুর বিমানবন্দরে অবতরণ করেছে, সে বিমানগুলি আবার যাত্রা শুরু করতে পারে বলে নির্দেশও দেয় এটিসি। অন্যান্য বিমান রওনা দিলেও বেঁকে বসেন এআই-১১২ বিমানের পাইলট। যে হেতু তাঁর সে দিনের মতো কাজের সময়সীমা ফুরিয়ে গিয়েছে, তাই তিনি আর বিমান চালাতে বাধ্য নন বলে দাবি করে বসেন পাইলট। এই ঘটনায় বিপাকে পড়ে যান যাত্রীরা। অতিরিক্ত তিন ঘণ্টা জয়পুর বিমানবন্দরেই আটকে ছিলেন তাঁরা।

পাইলটকে রাজি করাতে না পেরে শেষ পর্যন্ত অন্য উপায় খুঁজতে শুরু করেন যাত্রীরা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, যাত্রীদের একাংশ সড়কপথে জয়পুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন। আবার কেউ কেউ বিমানবন্দরেই অপেক্ষা করেন। লন্ডন-দিল্লিগামী বিমানে অন্য পাইলট আনা হলে তার পর সেই বিমানে দিল্লি পৌঁছন যাত্রীদের একাংশ।

Air India flight London Delhi Jaipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy