Advertisement
E-Paper

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, শপথ ৩৫ জনের। ডিএ বৈঠকে মুখ্যমন্ত্রী। অভিষেককে তলব সিআইডির। আবহাওয়া। আর কী কী

সকাল ১১টায় লোক ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রিপদে শপথ নেবেন। এ বার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে সোমবার। ওই দিন সকাল ১১টায় লোক ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রিপদে শপথ নেবেন। ৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু, তাঁর সঙ্গেই পাঁচ জন মন্ত্রীও শপথ নেন। এ বার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে।

সোমবার মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসছেন। প্রশাসন সূত্রে খবর, সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও ওই বৈঠকে ডাক পেয়েছে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। আজ ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। গত শনিবার কালীঘাটে গিয়ে তাঁকে নোটিস দিয়ে এসেছিলেন সিআইডি-র আধিকারিকেরা। তবে ওই দিনই সোনারপুরে গিয়ে ‘আক্রান্ত’ হন তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। আপাতত বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ অবস্থায় সোমবার তিনি ভবানী ভবনে যান কি না, সে দিকে নজর থাকবে।

সোমবার থেকে রাজ্যের সব ধরনের সরকারি বাসে রাজ্যের বাসিন্দা মহিলাদের নিখরচায় যাতায়াতের পরিষেবা চালু হচ্ছে। ওই পরিষেবা শুরুর আগে রাজ্যের সরকারি পরিবহণ নিগমগুলির তরফে সম্ভাব্য সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। পাশাপাশি সোমবার থেকেই শুরু হচ্ছে রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র কাজ। ওই দিন থেকে সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এ বিষয়ে ফর্ম ফিলআপ করানোর কাজ করবেন বলেই নবান্ন সূত্রে খবর।

দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে সোমবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে ঝড় বা বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। এ বার দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। তবে আপাতত কোথাও ভারী বৃষ্টি হবে না।

আজ থেকে দিল্লিতে ফের শুরু হচ্ছে ভারত-আমেরিকা বাণিজ্য বৈঠক। চার দিন ধরে চলবে এই আলোচনা। গত ফেব্রুয়ারিতে দু’দেশের অন্তর্বর্তী চুক্তির রূপরেখা তৈরি হয়েছিল। মূলত তা নিয়েই বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

News of the Day Cabinet Ministers Suvendu Adhikari DA Abhishek Banerjee CID Annapurna Yojana bus service Weather India America Trade Deal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy