ওড়িশার কেওনঝড়ে এক মহিলার দেহ কবর থেকে তুলে নিয়ে সোজা ব্যাঙ্কে হাজির হলেন তাঁর ভাই। এই দৃশ্য দেখে ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ওড়িশার কেওনঝড়ের।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম জিতু মুন্ডা। তিনি দিয়ানালি গ্রামের বাসিন্দা। তাঁর দিদি কাকরা মুন্ডার মৃত্যু হয়েছিল মাস দুয়েক আগে। ব্যাঙ্কে তাঁর ১৯ হাজার ৩০০ টাকা গচ্ছিত ছিল। কাকরার স্বামী এবং সন্তানের মৃত্যু হয়েছিল আগেই। তাঁর ভাইয়ের কাছে থাকতেন কাকরা। তাঁর মৃত্যুর পর ব্যাঙ্ক থেকে সেই টাকা তুলতে গিয়েছিলেন জিতু। কিন্তু ম্যানেজার জানিয়ে দেন, টাকা দিতে পারবেন না। আগে প্রমাণ দিতে হবে, তার পর বাকি প্রক্রিয়া শুরু হবে।
কিন্তু জিতু জানতেন না কোথা থেকে প্রয়োজনীয় নথি আনতে হবে। তাঁর কাছে দিদির মৃত্যুর শংসাপত্রও ছিল না। ফলে ব্যাঙ্কে দেখাতে না পারায় কর্তৃপক্ষ তাঁর হাতে টাকা তুলে দিতে অস্বীকার করেন। কোনও উপায় না দেখে তিনি করব খুঁড়ে দিদির দেহাংশ বস্তায় ভরে কাঁধে করে নিয়ে আসেন। তিন কিলোমিটার হেঁটে ব্যাঙ্কে পৌঁছোন। এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান ব্যাঙ্কের কর্মী থেকে ম্যানেজার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তারা পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রৌঢ়কে ওই টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে।