Advertisement
E-Paper

ভোটের আগের দিন পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে ফুটবল খেললেন প্রধানমন্ত্রী! ছুঁয়ে যাওয়ার চেষ্টা বাঙালির ফুটবল আবেগও?

দেশের ফুটবলপ্রেমী রাজ্যগুলির মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। ভারতীয় ফুটবলের ‘কেন্দ্র’ বলা হয় কলকাতাকে। ফুটবলের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। অনেকে মনে করছেন, পরোক্ষে সেই আবেগকেই স্পর্শ করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১১:২৪
মঙ্গলবার সকালে সিকিমের গ্যাংটকে ছোটদের সঙ্গে ফুটবল খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার সকালে সিকিমের গ্যাংটকে ছোটদের সঙ্গে ফুটবল খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য সিকিমে গিয়ে ফুটবল খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবিও পোস্ট করলেন নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে। ঘটনাচক্রে, তা পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের ঠিক আগের দিনই। অনেকেই মনে করছেন, ফুটবল খেলার ছবি পোস্ট করে বাঙালির ফুটবল আবেগকেও ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলেন মোদী।

সিকিম রাজ্য গঠনের সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে পড়শি পাহাড়ি রাজ্যে। মঙ্গলবার ওই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি পর্ব। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই সিকিমে গিয়েছেন প্রধানমন্ত্রী। সে রাজ্যের জন্য চার হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পেরও ঘোষণা করবেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে গ্যাংটকের এক মাঠে কিশোর-কিশোরীদের সঙ্গে ফুটবল খেললেন প্রধানমন্ত্রী। সেই ছবি পোস্ট করে লিখলেন, “গ্যাংটকের মনোরম সকালে আমার ছোট ছোট বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সঙ্গে আর কিছুর তুলনাই হয় না।”

প্রধানমন্ত্রীর ওই পোস্টে পশ্চিমবঙ্গের বিষয়ে কোনও উল্লেখ নেই। বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট রয়েছে। রাজ্যের সাত জেলায় ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। সোমবার সন্ধ্যা ৬টাতেই শেষ হয়ে গিয়েছে ভোটের প্রচারপর্ব। এখন ‘সাইলেন্স পিরিয়ড’ (যে সময়ে নির্বাচনীবিধি অনুযায়ী ভোটের প্রচার বন্ধ থাকে) চলছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর পোস্টে পশ্চিমবঙ্গের কোনও বিষয় উল্লেখ না থাকলেও তিনি পরোক্ষে বাঙালির ফুটবল আবেগকে স্পর্শ করার চেষ্টা করলেন বলেই মনে করছেন অনেকে।

দেশের ফুটবলপ্রেমী রাজ্যগুলির মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। ভারতীয় ফুটবলের ‘কেন্দ্র’ বলা হয় কলকাতাকে। ফুটবলের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। কলকাতাকে যেমন ‘সংস্কৃতির রাজধানী’ বলা হয়, তেমনই ভারতীয় ‘ফুটবলের রাজধানী’ও বলেন অনেকে। পশ্চিমবঙ্গের মতো সিকিমেও তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি ভালবাসা রয়েছে। ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া নিজেও সিকিমের বাসিন্দা। এ বার সেই সিকিমে গিয়ে কিশোর-কিশোরীদের সঙ্গে ফুটবল খেলার ছবি পোস্ট করলেন মোদী। একই সঙ্গে ফুটবলের প্রতি ভালবাসা নিয়ে তিনি বাঙালির সঙ্গে একাত্মতার বার্তাও দেওয়ার চেষ্টা করলেন বলে মনে করা হচ্ছে।

Narendra Modi sikkim football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy