যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। রবিবার বিকেলে নয়াদিল্লির পাণ্ডব নগর এলাকার ঘটনা। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, রবিবার বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ পাণ্ডব নগরে ২০ বছরের এক যুবককে কোপায় দুষ্কৃতীরা। জখম অবস্থায় ওই যুবককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন:
নিহত যুবকের নাম অভিষেক। তিনি পাণ্ডব নগরের বাসিন্দা। ওই যুবকের মা জানিয়েছেন, তাঁর পুত্রের সঙ্গে কারও কোনও গোলমাল ছিল না। কেন এই হামলা চালানো হল, বুঝতে পারছেন না তিনি। রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে ছুটে যান প্রতিবেশীরা। তাঁরাই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন:
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এবং কারা ওই যুবকের উপর হামলা চালালো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।