Advertisement
E-Paper

সন্ত্রাসবাদ নিয়ে বৈঠকে মোদী-কি

আলোচ্যসূচি যাই হোক না কেন, সীমান্তপারের সন্ত্রাসবাদ এখন নয়াদিল্লির বাঁধা গৎ! সাম্প্রতিক ব্রিকস-এর বৈঠকে সন্ত্রাস নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০২:৪৯
নরেন্দ্র মোদী ও জন কি

নরেন্দ্র মোদী ও জন কি

আলোচ্যসূচি যাই হোক না কেন, সীমান্তপারের সন্ত্রাসবাদ এখন নয়াদিল্লির বাঁধা গৎ! সাম্প্রতিক ব্রিকস-এর বৈঠকে সন্ত্রাস নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ সুদূর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও উরির সেনা ছাউনিতে সন্ত্রাসবাদী হামলা এবং তাতে পাকিস্তানের যোগসাজসের প্রসঙ্গ টেনে সরব হলেন তিনি।

কূটনৈতিক সূত্রের খবর, সফররত নিউজিল্যান্ড ক্রিকেট দল নিয়ে সামান্য কথাবার্তার পরই পাকিস্তানের মদতপ্রাপ্ত সন্ত্রাস নিয়ে জন কি-র সঙ্গে আলোচনা করেছেন মোদী। বৈঠকের পর বক্তৃতায় তিনি বলেন, ‘‘নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এবং আমি নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সহমত হয়েছি। সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সহযোগিতা জোরদার করা হবে।’’ তাঁর বক্তব্য, ‘‘আন্তর্জাতিক শান্তি এবং সুস্থিতির প্রশ্নে সন্ত্রাসবাদ একটি বড় চ্যালেঞ্জ। ভৌগোলিক দূরত্ব থাকলেও এই বিপদ থেকে কেউই মুক্ত নয়।’’

সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার পাশাপাশি দু’দেশ আজ দ্বৈত কর নীতি-সহ মোট তিনটি চুক্তি সই করেছে। দু’দেশের মধ্যে রাজনৈতিক, প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে অংশিদারী কী ভাবে বাড়ানো যায়, তা নিয়েও কথা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তির দাবিকেও সমর্থন করেছেন জন কি।

Narendra Modi John Key Terrorism
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy