Advertisement
E-Paper

জলের তোড়ে ভেসে যাচ্ছিলেন দু’জন, কোলের শিশুকে মাটিতে রেখে ঝাঁপ দিয়ে বাঁচালেন মহিলা

জলে ঝাঁপ দিয়ে এক জনের প্রাণ বাঁচিয়েছেন রবিনা নামে ৩২ বছর বয়সি ওই মহিলা। তবে অপর ব্যক্তিকে উদ্ধার করতে না পারায় আফশোস তাঁর। রবিনাকে সম্মানিত করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১০:১০
রবিনাকে পুরস্কৃত করেছে পুলিশ।

রবিনাকে পুরস্কৃত করেছে পুলিশ। ছবি টুইটার।

খালের জল ফুঁসছিল। জলের স্রোতে ভেসে যাচ্ছিলেন দুই ব্যক্তি। খালের পারে তখন দাঁড়িয়ে অনেক মানুষ। কিন্তু কেউই দুই ব্যক্তিকে বাঁচাতে এগোলেন না। ডুবে যাচ্ছেন দু’জন, এই দৃশ্য দেখে স্থির থাকতে পারেননি এক মহিলা। কোলের সন্তানকে মাটিতে রেখেই খালের খরস্রোতা জলে ঝাঁপ দিলেন তিনি। তার পর কোনও রকমে এক জনের প্রাণ বাঁচালেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে ভোপালে।

৩২ বছর বয়সি ওই মহিলার নাম রবিনা। তাঁর এই সাহসিকতার তারিফ করেছেন অনেকেই। তাঁকে সম্মানিত করেছেন নাজিরাবাদের এসএইচও (স্টেশন হাউস অফিসার)। সংবাদ সংস্থা সূত্রে খবর, খাজুরিয়া গ্রামে সয়াবিনের খেতে রাসায়নিক স্প্রে করতে গিয়েছিলেন দুই কৃষক জিতেন্দ্র ও রাজু আহিরওয়ার। সেখানে একটি খাল রয়েছে। খাল পারাপার করার সময় জলের তোড়ে তাঁরা ভেসে যান।

সে সময় ঘটনাস্থলের কাছেই ছিলেন রবিনা। তাঁর কোলে ছিল শিশুপুত্র। রাজু ও জিতেন্দ্রকে ডুবতে দেখে মাটিতে সন্তানকে রেখেই খালের খরস্রোতা জলে ঝাঁপ দেন রবিনা। তার পর সাঁতরে জিতেন্দ্রকে উদ্ধার করে আনেন। পরে আবার ঝাঁপ দিয়ে রাজুকে উদ্ধার করতে খালে নামেন রবিনা। কিন্তু তত ক্ষণে জলের তোড়ে ভেসে গিয়েছেন রাজু। পরে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।

রাজুকে বাঁচাতে না পারায় আফশোস করেছেন রবিনা। তাঁর আক্ষেপ, ‘‘ওখানে আরও অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে, দুটো মানুষ ডুবে যাচ্ছে। কিন্তু কেউই সাহায্য করলেন না। ওঁদের মধ্যে আর কেউ যদি সাহায্য করতেন, তা হলে দুই ব্যক্তিকেই বাঁচানো যেত।’’

Bhopal national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy