পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি আলোচনার কেন্দ্রে। বিশেষত আমেরিকা ও ইরানের সম্পর্ক এখন বিশ্বের নজরে। এই পরিস্থিতিতে সৌদি আরব সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। রাজধানী রিয়াধে সৌদির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস এমনটাই জানিয়েছে সমাজমাধ্যমে।
দূতাবাস জানিয়েছে, সরকারি কাজেই রিয়াধে এসেছেন ডোভাল। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন ভারতের দূত সুহেল আজাজ খান ও আরবের রাজনৈতিক উপমন্ত্রী সৌদ আল সাতি। প্রসঙ্গত, সাতি এর আগে ভারতে আরবের রাষ্ট্রদূত ছিলেন।
আরও পড়ুন:
আরব সাগরে ইতিমধ্যেই ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ রণতরী বাহিনী মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি নিয়ে আলোচনার জন্য ইরানকে বার্তা দিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই পরিস্থিতিতে ডোভাল ও তাঁর দলের সদস্যদের আলোচনার বিষয় হতে পারে ভারত ও আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা।
কয়েক মাস আগেই প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক আরও মজবুত করতে পাকিস্তান ও আরবের মধ্যে একটি চুক্তি হয়েছিল। তার পরে আরবে পৌঁছে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।