নবদম্পতির রহস্যজনক মৃত্যু ঘিরে জল্পনা ছড়িয়েছে হাইলাকান্দিতে। ঘটনাটি লালা থানার বিলাইপুরের লালছড়া গ্রামের। স্থানীয় সূত্রে খবর, চার মাস আগে লালছড়া গ্রামের উপেন্দ্র রায়ের ২৪ বছরের ছেলে কার্তিক রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল কাটলিছড়ার হরিশনগর গ্রামের সবিতা রায়ের কন্যা অপর্ণার (২০)। বিয়ের দু’মাস পর কার্তিকবাবু স্ত্রীকে নিয়ে বাবার সংসার থেকে আলাদা হয়ে যান। তা নিয়ে পিতাপুত্রের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল। পুলিশ জানায়, আজ ভোরে ওই দম্পতির চিৎকারে প্রতিবেশিরা তাঁদের বাড়িতে হাজির হন। কার্তিকবাবু ও অপর্ণাদেবী যন্ত্রণায় ছটফট করছিলেন। লালা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দু’জনের মৃত্যু হয়। অপর্ণাদেবীর মা সবিতাদেবী মেয়ে ও জামাইয়ের অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছেন। ছেলে ও পুত্রবধূর মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েছেন উপেন্দ্রবাবুও।