সন্দেহভাজন এক আল কায়দা জঙ্গিকে বেঙ্গালুরু থেকে শনিবার গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সন্দেহভাজন ওই জঙ্গির নাম আরিফ। পেশায় সে এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
এনআইএ সূত্রে খবর, আরিফের কাজ ছিল ইন্টারনেটের মাধ্যমে লোকজনের সঙ্গে সংযোগস্থাপন করা। দু’বছর ধরে এই কাজ করছিল সে। গোপন সূত্রে এনআইএ খবর পায়, বেঙ্গালুরুতে এক আল কায়দা জঙ্গি আত্মগোপন করে আছে। শনিবার তল্লাশি অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করেছে এনআইএ।
তদন্তকারী সংস্থাটির এক সূত্র জানিয়েছে, বেঙ্গালুরু থেকে ইরানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল আরিফ। তার পর সেখান থেকে আফগানিস্তানে গিয়ে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতেন। কিন্তু তার আগেই সেই ছক ভেস্তে দিয়েছে এনআইএ। আল কায়দা জঙ্গির কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। এ ছাড়াও বেশি কিছু গ্যাজেটও বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন:
শনিবার মুম্বই এবং বেঙ্গালুরুর একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ। গত মাসেও কর্নাটকের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় তদন্তকারী সংস্থাটি। সেই সময় শিবমোগা থেকে আইএস জঙ্গি সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছিল তারা। তল্লাশি অভিযান চালানো হয়েছিল, দক্ষিণ কন্নড়, শিবমোগা, দেবাঙ্গিরি এবং বেঙ্গালুরুতে।
উদুপি থেকে রেশান তাজউদ্দিন শেখ এবং শিবমোগা থেকে হুজেইর ফারহান বেগ নামে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। মাজ মুনির নামে এক ব্যক্তি তাজউদ্দিন এবং বেশ কয়েক জনকে আইএস জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে।