জঙ্গিদের খোঁজে কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং দিল্লির আশপাশের ১৮টি জায়গায় অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের নিয়ে উপত্যকায় অভিযান চালায় তারা। সেই সঙ্গে রাজধানীর আশপাশে এবং উত্তরপ্রদেশেও তল্লাশি করা হয়।
মঙ্গলবারের অভিযানে এনআইএ-র নজরে ছিল লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, আল বদর-সহ একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা। একটি বিবৃতিতে এ তথ্য দিয়েছে এনআইএ। কাশ্মীরের ১৬টি জায়গার পাশাপাশি দিল্লির আশপাশে এবং উত্তরপ্রদেশের নানা জায়গাতেও তল্লাশি চালানো হয়।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত পাঁচ দিনে কাশ্মীর উপত্যকার সাত জন বাসিন্দাকে জঙ্গিরা খুন করেছে বলে অভিযোগ। লস্কর-সহ একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা বেছে বেছে সংখ্যালঘুদের নিশানা করছে বলেও অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দাদের। এর পরই মঙ্গলবার উত্তর ভারতের একাধিক জায়গায় অভিযানে নামে এনআইএ। জঙ্গিদের অস্ত্রশস্ত্র-সহ রসদ সরবরাহকারীরাও এনআইএ-র নজরে রয়েছে বলে সূত্রের খবর।