Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার, নিশ্চিত করলেন নিজেই! লিখলেন, ‘গোড়া থেকেই বাসনা ছিল’

মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভাতেই যাচ্ছেন নীতীশ কুমার। বৃহস্পতিবার সকাল ১০টা ৫৪ মিনিটে সমাজমাধ্যমে একটি পোস্টে নিজেই এই কথা জানিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১০:৪০
নীতীশ কুমার।

নীতীশ কুমার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভাতেই যাচ্ছেন নীতীশ কুমার। বৃহস্পতিবার সকাল ১০টা ৫৪ মিনিটে সমাজমাধ্যমে একটি পোস্টে নিজেই এই কথা জানিয়েছেন তিনি।

ওই পোস্টে নীতীশ নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে লিখেছেন, “সংসদীয় রাজনীতি শুরু করার পর বিহারের দুই কক্ষেরই সদস্য হওয়ার বাসনা ছিল আমার। একই ভাবে সংসদের দুই কক্ষের সদস্যও হতে চেয়েছিলাম আমি। সেই কারণে, এই নির্বাচনে রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে চাইছি।” প্রসঙ্গত, এর আগে লোকসভা, বিহারের আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ এবং নিম্নকক্ষ বিধানসভার সদস্য হিসাবে একাধিক বার নির্বাচিত হলেও আগে কখনও রাজ্যসভায় যাননি নীতীশ।

গত নভেম্বর মাসেই দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নীতীশ। মাঝের কিছু সময় বাদ দিলে ২০ বছর পটনার কুর্সিতে ছিলেন তিনিই। সমাজমাধ্যমের পোস্টে সে কথা উল্লেখ করে নীতীশ লেখেন, “দুই দশকেরও বেশি আপনারা ধারাবাহিক ভাবে আমার উপর ভরসা এবং বিশ্বাস রেখেছেন। এই শক্তির জোরে আমি বিহারের সেবা করতে পেরেছি।” তাঁর উত্তরসূরি হিসাবে যিনিই বিহারের মুখ্যমন্ত্রী হোন, তাঁর প্রতি সমর্থন থাকবে বলে জানিয়েছেন নীতীশ। ওই পোস্টেই তিনি বিহারবাসীর উদ্দেশে লিখেছেন, “আপনাদের সঙ্গে আমার সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে। এবং উন্নত বিহার গড়ে তোলার জন্য এক সঙ্গে কাজ করার বিষয়ে আমার দায়বদ্ধতা একই রকমের থাকবে।” একই সঙ্গে তাঁর সংযোজন, “নতুন সরকারের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে।”

বৃহস্পতিবার সকালেই নীতীশের দল জেডিইউ-র একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছিল, বৃহস্পতিবার বেলায় রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন তিনি। সে ক্ষেত্রে তাঁর জায়গায় বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতীশের পুত্র নিশান্ত কুমার।

ওই প্রতিবেদনগুলিতে এ-ও দাবি করা হয়েছে যে, নিশান্ত উপমুখ্যমন্ত্রী হলেও মুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপির কেউ। সে ক্ষেত্রে নীতীশের উত্তরসূরি হওয়ার দৌড়ে বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এগিয়ে রয়েছেন বলে মনে করছেন অনেকে। তা হলে এই প্রথম বিহারে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবেন।

বুধবার থেকেই বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়, নীতীশ রাজ্যসভায় যাচ্ছেন। তবে নীতীশের ঘোষণার আগে পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেননি জেডিইউ-র কেউ। তবে নীতীশ-পুত্রের সক্রিয় রাজনীতিতে যোগদানের বিষয়টি দু’দিন আগেই জানিয়ে দেন দলের এক প্রবীণ নেতা। শারওয়ান কুমার নামের ওই জেডিইউ নেতা পিটিআই-কে জানান, দু’-এক দিনের মধ্যেই সক্রিয় রাজনীতিতে নিশান্তের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হবে। দলের তরফে তাঁকে বড় দায়িত্বও দেওয়া হবে। তবে ‘বড় দায়িত্ব’ বলতে তিনি ঠিক কী বোঝাচ্ছেন, তা স্পষ্ট হয়নি।

এ-ও ঠিক যে, জেডিইউ নেতার ওই মন্তব্যের পর দলের অন্য কেউ তা খণ্ডনও করেননি। যা থেকে মনে করা হচ্ছে, নিশান্তের রাজনীতিতে যোগদানের খবরটি নিছক জল্পনা নয়। তবে নীতীশকে নিয়ে ধন্দ বহাল ছিল বৃহস্পতিবার সকাল পর্যন্ত।

পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার নীতীশের সঙ্গেই মনোনয়ন জমা দেবেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন। মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আগামী ১৬ মার্চ বিহারের পাঁচটি-সহ ১০ রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে। একই দিনে নির্বাচন হবে পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্যসভা আসনেও। তবে প্রতিটি আসনের জন্য এক জনই মনোনয়ন জমা দিলে নির্বাচনের প্রয়োজন পড়বে না।

বিধায়কসংখ্যার নিরিখে (বিজেপির ৮৯ জন বিধায়ক, জেডিইউ-র ৮৫) দু’টি আসনে বিজেপির, আর দু’টি আসনে জেডিইউ-র জয় নিশ্চিত। কারণ বিহারের ৪১ জন বিধায়কের প্রথম পছন্দের ভোট পেলেই রাজ্যসভায় যেতে পারবেন কেউ। তবে পঞ্চম আসনটি জিততে গেলে এনডিএ শিবিরকে আরও তিন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে হবে। বিহারের বিরোধী দলগুলি (কংগ্রেস, আরজেডি, বাম) যদি আসাদউদ্দিন ওয়েইসির দল মিম এবং মায়াবতীর বিএসপি-র সঙ্গে বোঝাপড়া করতে পারে, তা হলে পঞ্চম আসনটি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অনুকূলে যেতে পারে।

রাজ্যসভা ভোটের যে কমিশন যে নির্ঘণ্ট প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। সেই হিসাবে বৃহস্পতিবারই নীতীশকে মনোনয়নপত্র জমা দিতে হবে। ইতিমধ্যেই নিতিন ছাড়াও বিহারের রাজ্যসভার প্রার্থী হিসাবে শিবেশ কুমারের নাম জানিয়েছে বিজেপি।

Bihar Politics JDU Rajya Sabha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy