Advertisement
E-Paper

উপড়ে গেল গাছ! মাথায় পড়ায় তালগোল পাকিয়ে গেল গাড়ি, উত্তরপ্রদেশের ভয়ঙ্কর ঝড়ের আরও এক ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝড়ের কারণে প্রবল বাতাস বইছে। আবহাওয়া খারাপ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি হাওয়ার গতির কারণে দুলছে। গাড়িটির পাশেই ছিল মস্ত একটি গাছ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১০:৪৬
Video shows due to storm a big tree fall on car in Uttar Pradesh

ঝড়ে গাছ উপড়ে পড়ল গাড়ির উপর। ছবি: এক্স থেকে নেওয়া।

ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড বারাণসী, অযোধ্যা এবং গাজ়িয়াবাদ-সহ উত্তরপ্রদেশের ৩০ জেলা। কোথাও ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়, তার সঙ্গে কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এই ঝড়বৃষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে শতাধিক জনের। আহত হয়ে হাসপাতালে ভর্তি ৫০ জনেরও বেশি। বরেলীতে ঝড়ের অভিঘাতে টিনের একটি ছাউনি-সহ এক ব্যক্তি ৩০ ফুট উঁচুতে উড়ে গিয়ে ৫০ মিটার দূরে পড়েন বলে দাবি উঠেছে। গুরুতর জখম হয়ে সেই ব্যক্তি হাসপাতালে ভর্তি। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে এসেছে ঝড়ের আরও একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝড়ের দাপটে কী ভাবে আস্ত গাছ একটি গাড়ির উপর পড়ে গাড়িটিকে চুরমার করে দিয়েছে। ঘটনাটি উন্নাওয়ের বলে জানা গিয়েছে। যদিও ভিডিয়ো দু’টির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝড়ের কারণে প্রবল বাতাস বইছে। আবহাওয়া খারাপ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি হাওয়ার গতির কারণে দুলতে শুরু করেছে। গাড়িটির পাশেই ছিল মস্ত একটি গাছ। বড় গাছটিও ঝড়ের কারণে দুলতে শুরু করে। কয়েক মুহূর্তে তা উপড়ে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির মাথার উপর পড়ে। চুরমার হয়ে যায় গাড়িটি। তালগোল পাকিয়ে যায়। ওই দৃশ্য দেখে আশপাশের লোকজন ভয় পেয়ে যান। যিনি ভিডিয়োটি রেকর্ড করছিলেন, তিনিও মুহূর্তের জন্য চমকে ওঠেন। তবে স্বস্তির বিষয় হল যে সেই সময় গাড়ির ভিতরে কেউ ছিলেন না। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে শাহনাওয়াজ় নামের এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভয়ঙ্কর। ভাগ্যিস গাড়ির মধ্যে কেউ ছিলেন না। আজ ঝড়, কাল বন্যা— আবহাওয়া প্রতি দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘গাড়িটি নষ্ট হয়ে গেল। বিমা করা থাকলে সংস্থা একে প্রাকৃতিক দুর্যোগ বলে দায় এড়াতে পারে।’’

Viral Video Uttar Pradesh storm
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy