E-Paper

নিট: গাফিলতি মানল এনটিএ

গত ৩ মে দেশে নিট-এর পরীক্ষা হয়েছিল। পরীক্ষার পরেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত ১২ মে ওই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ০৮:২৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ডাক্তারির সর্বভারতীয় অভিন্ন পরীক্ষা নিট-এর প্রশ্ন ফাঁসের পিছনে নিজেদের গাফিলতি রয়েছে বলে মেনে নিল ওই পরীক্ষার দায়িত্বে থাকা জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ)। সূত্রের মতে, আজ শিক্ষা মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই গাফিলতির কথা স্বীকার করে নেন এনটিএ কর্তারা। সূত্রের মতে, তবে সামগ্রিক ভাবে যে প্রশ্ন ফাঁস হয়েছে, সেই যুক্তি মানতে চাননি বৈঠকে উপস্থিত এনটিএ ডিজি অভিষেক সিংহ। সূত্রের দাবি, কী ভাবে, কেন, কার জন্য ওই গাফিলতি হল, যার জন্য ২২ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হল— সে বিষয়ে এনটিএ-র কাছে সবিস্তার রিপোর্ট চেয়েছে কমিটি।

গত ৩ মে দেশে নিট-এর পরীক্ষা হয়েছিল। পরীক্ষার পরেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত ১২ মে ওই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অভিযোগ, একাধিক কোচিং কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রস্তুতির অঙ্গ হিসেবে যে গেস পেপার দেওয়া হয়েছিল, তাতে থাকা প্রশ্নের সঙ্গে পরীক্ষায় আসা প্রশ্নের হুবহু মিল ছিল। বিষয়টি সামনে আসার পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে।

সূত্রের মতে, বৈঠকে নিট-এর প্রশ্ন ফাঁস হয়েছে, সেই দাবি মানতে চাননি এনটিএ-র ডিজি অভিষেক। বিরোধী সাংসদেরা প্রশ্ন ফাঁসের কারণ জানতে চাইলে তিনি উপস্থিত সাংসদদের জানান, সামগ্রিক ভাবে গোটা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তা তিনি মানতে রাজি নন। বিষয়টির তদন্ত করছে সিবিআই। সিবিআই তদন্ত শেষ করে যদি প্রশ্ন ফাঁস হয়েছে বলে জানায়, তবেই প্রশ্ন ফাঁস মেনে নেবে এনটিএ। তবে সূত্রের মতে, গাফিলতি যেহয়েছে তা স্বীকার করে নেন বৈঠকে উপস্থিত এনটিএ ও শিক্ষা মন্ত্রকের কর্তারা। আগামী ২১ জুন ফের ওই পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় বৈঠকে তার আশ্বাস দিয়েছেন এনটিএ কর্তারা। কেন ওই গাফিলতি হল, কার কারণে প্রশ্ন ফাঁসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সে সম্পর্কে এনটিএ-র কাছ থেকে সবিস্তার রিপোর্ট চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

পাশাপাশি, অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে প্রশ্ন ফাঁস রুখতে কমিটি যে পরামর্শ দিয়েছিল, তা প্রয়োগ না করায় হতাশা জানিয়েছেন কমিটি চেয়ারম্যান ও সদস্যেরা।

এ দিকে ২১ জুন নিটের পরীক্ষায় যাঁরা বসবেন তাঁদের বাড়তি কোনও টাকা দিতে হবে না বলে আগেই জানিয়েছিল শিক্ষা মন্ত্রক। ৩ মে যাঁরা পরীক্ষায় বসেছিলেন, আজ থেকে তাঁদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এনটিএ জানিয়েছে, একটি নির্দিষ্ট পোর্টালে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে পরীক্ষারটাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন সব পরীক্ষার্থী। আগামী ২১ জুন নিটের পরীক্ষা নিতে যে খরচ হবে, তা এনটিএ-ই বহন করবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

NTA NEET

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy