মধুচন্দ্রিমায় যাওয়া দিল্লির এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর দেহ উদ্ধার হল। উত্তরাখণ্ডের মসূরীতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রাধা গায়ত্রী নামে ওই তথ্যপ্রযুক্তি কর্মী। একটি হোমস্টেতে উঠেছিলেন তাঁরা। সোমবার সকালে হোমস্টের ভিতরে রাধার বিবস্ত্র এবং রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, স্বামী সৌম্য শ্রীচরণের সঙ্গে মসূরীতে দিন দুয়েক আগে ঘুরতে গিয়েছিলেন রাধা। গুরুগ্রামের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। আর সৌম্য কাজ করতেন পুণেতে। তাঁরা দু’জনে তিপরি ধারের কাছে একটি হোমস্টেতে ওঠেন গত ১৪ জুন।
আরও পড়ুন:
১৪ জুন রাতে সাড়ে ১১টা নাগাদ ‘ব্লিস’ নামে হোমস্টের একটি ঘরে ওঠেন। রাধার স্বামীর দাবি, রবিবার রাত ৩টে পর্যন্ত তাঁরা দু’জনে মদ্যপান করেন। তার পর সাড়ে ৩টে নাগাদ ঘুমোতে যান। মঙ্গলবার সকালে যখন ঘুম ভাঙে তখন তিনি দেখতে পান মেঝেতে তাঁর স্ত্রী নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন। নাক থেকে রক্ত বার হচ্ছিল। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, মহিলা যেখানে পড়ে ছিলেন প্রস্রাবে ভেসে যাচ্ছিল। বিছানার চাদর থেকে রক্তের দাগ মিলেছে। মদের দু’টি খালি বোতল পাওয়া গিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। গত বছরের নভেম্বরে বিয়ে হয়েছিল রাধার। স্বামী-স্ত্রী দু’জনেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। খুন, না কি দুর্ঘটনাজনিত মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।