E-Paper

এখনই আসার আশা কম ‘এক দেশ এক ভোট’ বিল

শনিবার কেন্দ্রীয় সরকারের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে। ১৩ অগস্ট পর্যন্ত অধিবেশন চলবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৮:০৮

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

গুরুতর অভিযোগে এক মাস আটক প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের পদ থেকে অপসারণের বিল, নতুন রূপে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল সংসদের বাদল অধিবেশনে পেশ করার প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার। তবে এক দেশ, এক ভোট সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল এ বারে বাদল অধিবেশনে আসার সম্ভাবনা কম। কারণ বিজেপি সাংসদ পি পি চৌধরির নেতৃত্বে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি এখনও বিভিন্ন রাজ্যের বিধানসভায় ঘুরে মতামত নেওয়ার কাজ করছে। ফলে বাদল অধিবেশনে জেপিসি-র রিপোর্ট পেশ হলেও বিল আসা মুশকিল।

শনিবার কেন্দ্রীয় সরকারের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে। ১৩ অগস্ট পর্যন্ত অধিবেশন চলবে। সূত্রের খবর, এক দেশ এক ভোট সংক্রান্ত বিল খতিয়ে দেখার জন্য তৈরি জেপিসি-কে রিপোর্ট পেশের জন্য বাদল অধিবেশনের শেষ দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে কমিটি আরও সময় চাইতে পারে। কারণ জেপিসি সব রাজ্যের বিধানসভায় গিয়ে মতামত নিতে চাইছে।

লোকসভা নির্বাচনের সঙ্গেই সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন করানোর জন্য মোদী সরকার ১২৯তম সংবিধান সংশোধনী বিল ও কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী বিল পেশ করেছিল। ২০২৪-এর ডিসেম্বরে এই বিল পেশের পরে তা জেপিসি-তে পাঠানো হয়। সরকারি শিবিরের বক্তব্য, ২০২৯-এর আগে এই বিল সংসদে পাশ হলেও ২০২৯-এর লোকসভা নির্বাচনের সঙ্গে সব রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়া মুশকিল। কারণ প্রাথমিক ভাবে সংসদে পেশ হওয়া বিলে ‘অ্যাপয়েন্টেড ডেট’-এর কথাবলা রয়েছে।

যার অর্থ, এই আইন জারির পরে নতুন গঠিত লোকসভার প্রথম দিনটিকে ‘অ্যাপয়েন্টেড ডেট’ হিসেবে ঘোষণা করবেন রাষ্ট্রপতি। যা দেশে ‘এক দেশ এক নির্বাচন’ চালুর প্রক্রিয়া শুরু করবে। ওই ‘অ্যাপয়েন্টেড ডেট’-এর পাঁচ বছরের মাথায়, অর্থাৎ ২০৩৪ সালে পরবর্তী লোকসভা নির্বাচন হবে। যার সঙ্গেই বিধানসভাগুলির নির্বাচন হবে। সে ক্ষেত্রে কিছু রাজ্যের বিধানসভার মেয়াদ বাড়ানো হবে, কিছু বিধানসভার মেয়াদ পাঁচ বছরের আগেই শেষ হয়ে যাবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

parliament New Bill

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy