Advertisement
E-Paper

এসআইআর নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি, ‘ইন্ডিয়া’কে স্বস্তি দিয়ে সই করল আপ, ডিএমকে! তবে বয়কট কি উঠবে?

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’-র বৈঠকে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার বিষয়টি স্থির হয়েছিল। ওই বৈঠকে যোগ দিয়েছিল কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি (এসপি), সিপিএম-সহ ২১টি দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১১:২২
(বাঁ দিকে) এমকে স্ট্যালিন এবং অরবিন্দ কেজরীওয়াল (ডান দিকে)।

(বাঁ দিকে) এমকে স্ট্যালিন এবং অরবিন্দ কেজরীওয়াল (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় স‌ংশোধন (এসআইআর) এবং নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছে ২৩টি রাজনৈতিক দল। তাৎপর্যপূর্ণ ভাবে সেখানে সই রয়েছে অরবিন্দ কেজরীবালের দল আপ এবং এমকে স্ট্যালিনের দল ডিএমকে-রও।

গত ৮ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘ইন্ডিয়া’-র বৈঠকে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার বিষয়টি স্থির হয়েছিল। ওই বৈঠকে যোগ দিয়েছিল কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি (এসপি), সিপিএম-সহ ২১টি দল। তামিলনাড়ুতে বিধানসভা ভোটের পর কংগ্রেস জোট ভেঙে তলপতি বিজয়ের টিভিকে-কে সমর্থন করায় রুষ্ট হয় ডিএমকে। ‘ইন্ডিয়া’ ছাড়ার কথা ঘোষণা না-করলেও ৮ তারিখের বৈঠকে কোনও প্রতিনিধিকে পাঠায়নি তারা। বৈঠক ‘বয়কট’ করেছিল তারা। আর আপ-এর সঙ্গে বেশ কয়েক দিন ধরেই কংগ্রেসের তেমন বনিবনা নেই। গত লোকসভা ভোটের পরেই আনুষ্ঠানিক ভাবে ‘ইন্ডিয়া’ ছাড়ার কথা ঘোষণা করে কেজরীবালের দল।

বিরোধী জোটের একটি সূত্র মারফত জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই আপ এবং ডিএমকে-র ‘মানভঞ্জনের’ চেষ্টা চলছিল। ‘ইন্ডিয়া’-র শরিক দলগুলির নেতারা নিরন্তর ওই দুই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। আর এই সমন্বয়ের কাজে সময় লাগার কারণেই ৮ তারিখ ঘোষণা হওয়ার পরেও প্রায় ২২ দিন পর প্রধান বিচারপতির কাছে বিরোধী দলগুলির চিঠি পৌঁছোল বলে ওই সূত্রটির দাবি। ‘ইন্ডিয়া’-র অন্য একটি সূত্রের দাবি, স্ট্যালিন এবং কেজরীবালকে রাজি করাতে বিশেষ উদ্যোগী হয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানান, ২৩টি রাজনৈতিক দল এবং এক জন নির্দল প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন রমেশের পোস্ট শেয়ার করে সমাজমাধ্যমে লেখেন, “আম আদমি পার্টি (আপ) এবং ডিএমকে-ও প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে স্বাক্ষর করেছে।”

৮ জুনের বৈঠকের পর ‘ইন্ডিয়া’-র ভবিষ্যৎ কর্মসূচির কথা জানিয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে। সে দিনই তিনি জানান, ‘ভোট-চুরি’, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এবং নির্বাচনী প্রক্রিয়ায় ‘কারচুপির’ অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দেবে বিরোধী দলগুলি। তা ছাড়া নিট-এর প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করবে ‘ইন্ডিয়া’।

AAP DMK Arvind Kejriwal MK Stalin Mamata Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy