পেট্রল ও ডিজ়েলের দাম ফের বাড়ল। শনিবার সকালে দেশের রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৮৭ পয়সা করে বেড়ে গিয়েছে। ডিজ়েলের দাম বেড়েছে লিটার প্রতি ৯১ পয়সা করে। এই নিয়ে গত ১০ দিনে পর পর তিন বার মহার্ঘ হল জ্বালানি। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে পেট্রল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধিতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে।
কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৯৪ পয়সা। তার ফলে শনিবার থেকে এক লিটার পেট্রল কিনতে হচ্ছে ১১০ টাকা ৬৪ পয়সা দিয়ে। এ ছাড়া, কলকাতায় ডিজ়েলের দাম ৯৫ পয়সা করে বেড়ে গিয়েছে। ফলে নতুন দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা প্রতি লিটার। এর ফলে এক দিকে যেমন ব্যক্তিগত গাড়ি বা বাইক চালানোর খরচ বাড়বে, তেমন বাস, ট্যাক্সির মতো গণপরিবহণেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে।
আরও পড়ুন:
গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রলের দাম বাড়িয়ে দেওয়া হয়। এ বার ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হওয়ায় গত ১০ দিনে প্রায় পাঁচ টাকা মহার্ঘ হয়ে গেল পেট্রল। নতুন করে দাম বেড়ে যাওয়ায় দিল্লিতে এখন এক লিটার পেট্রলের দাম ৯৯ টাকা ৫১ পয়সা। ডিজ়েল বিক্রি করা হচ্ছে ৯২ টাকা ৪৯ পয়সা প্রতি লিটারে।
পশ্চিম এশিয়ায় সঙ্কটের আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী এক বছর সোনা না-কেনার পরামর্শও দিয়েছিলেন। বস্তুত, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর সারা বিশ্বের জ্বালানির দামের ওঠাপড়া নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘিরে এই মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক দেশের মতো ভারতকেও এই ধরনের জ্বালানির অধিকাংশ বাইরে থেকে আমদানি করতে হয়। ফলে এর প্রভাব ভারতের বাজারেও পড়ছে। দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখার জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন মোদী।