Advertisement
E-Paper

১৫ দিনের জন্য আবেদন করে তিন দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ, দিল্লি হাই কোর্টে আর্জি মঞ্জুর

মায়ের অস্ত্রোপচারের সময় পাশে থাকার জন্য ১৫ দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন উমর। কিন্তু আদালত তাঁর তিন দিনের জামিন মঞ্জুর করেছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১২:৫২
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে তিন দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছে দিল্লি হাই কোর্ট।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে তিন দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছে দিল্লি হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে তিন দিনের অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাই কোর্ট। মায়ের অস্ত্রোপচারের সময় পাশে থাকার জন্য ১৫ দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন উমর। কিন্তু আদালত তাঁর তিন দিনের জামিন মঞ্জুর করেছে। আগামী ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত তিনি শর্তসাপেক্ষে জেলের বাইরে থাকতে পারবেন।

২২ মে থেকে ৫ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন উমর। সম্প্রতি তাঁর এক আত্মীয়ের মৃত্যু হয়েছে। সেই শেষকৃত্যে থাকার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। উমর জানিয়েছিলেন, কাকা তাঁর নিকটাত্মীয় না হলেও তিনি ওই কাকার ঘনিষ্ঠ ছিলেন। কঠিন সময়ে ৮৭ বছরের দিদার পাশে থাকতে চান। এ ছাড়া, উমরের ৬২ বছর বয়সি মা গত দু’বছর ধরে সিস্টের সমস্যায় ভুগছেন। তাঁর পিঠে সিস্ট তৈরি হয়েছে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। আগামী ২ জুন সেই অস্ত্রোপচারের দিন নির্ধারিত হয়েছে। উমর জানিয়েছিলেন, তাঁর বৃদ্ধ বাবার একার পক্ষে অসুস্থ মায়ের দেখাশোনা করা সম্ভব নয়। তিনি দম্পতির একমাত্র সন্তান। তাই এই সময়ে মায়ের প্রতি কর্তব্য তিনি পালন করতে চান। থাকতে চান পরিবারের পাশে।

গত ১৯ মে নিম্ন আদালত উমরের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। বলা হয়েছিল, কাকা তাঁর এমন কিছু নিকটাত্মীয় নন যে, তাঁর শেষকৃত্যে উমরকে থাকতেই হবে। তা ছাড়া, মায়ের দেখাশোনা করার জন্যেও উমরের বাবা ছাড়া আরও লোকজন রয়েছেন বলে জানিয়েছিল আদালত। নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উমর দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে দাবি করেন, নিম্ন আদালতের পর্যবেক্ষণ সঠিক নয়। উমর এ-ও জানান, ২০২২, ২০২৪ এবং ২০২৫ সালে পারিবারিক কারণে আদালত তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল। প্রতি ক্ষেত্রেই তিনি সমস্ত নিয়ম মেনেছেন। কোনও শর্ত লঙ্ঘন করেননি। যথা সময়ে জেলে গিয়ে আত্মসমর্পণ করেছেন।

উমরের আবেদন মেনে দিল্লির উচ্চ আদালত তিন দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। ৪ জুন আবার তাঁকে জেলে ফিরতে হবে।

২০২০ সালে দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনকে কেন্দ্র করে হিংসা ছড়িয়েছিল। তাতে অনেকের মৃত্যুও হয়। সেই দিল্লি হিংসার ঘটনায় অন্যতম ষড়যন্ত্রকারী হিসাবে অভিযুক্ত উমর। বাকি অভিযুক্তেরা জামিনে মুক্তি পেলেও তাঁকে সুপ্রিম কোর্ট জামিন দেয়নি।

Delhi High Court Umar Khalid JNU Delhi Riot 2020
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy