Advertisement
E-Paper

প্রিমিয়াম পেট্রলের দাম বাড়ল দিল্লিতে, দু’লক্ষ ছাড়াল বিমানের জ্বালানির দামও, পশ্চিম এশিয়ায় সঙ্কটের জেরেই মূল্যবৃদ্ধি?

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পয়লা এপ্রিল থেকে বাড়ছে ২১৮ টাকা। এ বার বিমানের জ্বালানির দামও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকটাই। ফলে বিমানের ভাড়া বাড়তে পারে, এমন আশঙ্কাও করছেন অনেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১২:০৪
Premium Petrol, Deiseal price hike in Delhi, Jet fuel crosses 2 lakh

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার প্রিমিয়াম জ্বালানির দাম বাড়ল। সংবাদসংস্থা সূত্রে খবর, ইন্ডিয়ান অয়েলের প্রিমিয়াম পেট্রল, ডিজ়েলের দাম বেড়েছে দিল্লিতে। শুধু তা-ই নয়, বিমানের জ্বালানির (এটিএফ) দামও বেড়েছে অনেকটাই। ফলে বিমানের ভাড়া বাড়তে পারে, এমন আশঙ্কাও করছেন অনেকে।

জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েলের এক্সপি১০০-র (প্রিমিয়াম পেট্রল) দাম প্রতি লিটারে ১১ টাকা বেড়েছে। আগে প্রিমিয়াম পেট্রলের দাম প্রতি লিটার ১৪৯ টাকা ছিল। সেটা বেড়ে দাঁড়াচ্ছে ১৬০ টাকায়। দাম বাড়ল ইন্ডিয়ান অয়েলের এক্সট্রা গ্রিন (প্রিমিয়াম ডিজ়েল)-এর। আগে এই ডিজ়েলের দাম লিটারপ্রতি ছিল ৯১.৪৯ টাকা। বেড়ে দাঁড়াল ৯২.৯৯ টাকা।

কেন দাম বাড়ল, সেই কারণ স্পষ্ট করা হয়নি ইন্ডিয়ান অয়েলের তরফে। তবে অনেকের মতেই, পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করছে। বাড়ছে সরবরাহের খরচও। তাই প্রিমিয়াম পেট্রলের দাম বাড়িয়ে দেওয়া হল। আপাতত দিল্লিতে দাম বৃদ্ধির বিষয়টি প্রকাশ্যে এসেছে। তবে দেশের অন্য প্রান্তে দামের হেরফের হবে কি না, তা স্পষ্ট নয়।

দাম বেড়েছে বিমানের জ্বালানিরও। বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির কারণে বিমানের জ্বালানির দাম প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে। বিমানের জ্বালানির দাম প্রতি কিলোলিটার বেড়ে দাঁড়িয়েছে ২.০৭ লক্ষ টাকা। গত ১ মার্চে বিমানের জ্বালানির দাম ৫.৭ শতাংশ বাড়ানো হয়েছিল। তখন দিল্লিতে এটিএফের দাম ছিল প্রতি কিলোলিটারে সাড়ে ৯৬ হাজার টাকা।

পশ্চিম এশিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে যে যুদ্ধ চলছে, তার প্রভাব পড়ছে সারা বিশ্বের জ্বালানি লেনদেনে। হরমুজ় প্রণালী দিয়ে পশ্চিম এশিয়ার জ্বালানি তেল এবং গ্যাস বিভিন্ন দেশে পরিবাহিত হয়। সেই মূল জলপথই ইরান বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। ভারতের অনেক জাহাজও আটকে পড়েছে। কিছু জাহাজকে হরমুজ় পার করার অনুমতি দেওয়া হয়েছে। তবে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছিল, হরমুজ় ছাড়াও অন্য পথে অধিকাংশ তেল আমদানি করা হয়। তাই তেলের জোগান ব্যাহত হয়নি। সাধারণ পেট্রল এবং ডিজ়েলের দাম বাড়েনি। সরকার পেট্রল ও ডিজ়েলের উপর চাপানো অন্তঃশুল্ক কমিয়ে দেয়।

অন্য দিকে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও এক ধাক্কায় বেশ কিছুটা বেড়েছে। ২১৮ টাকা করে বেড়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের ১৯ কেজির একটি সিলিন্ডারের দাম হয়েছে ২,২০৮ টাকা। মার্চেই ঘরোয়া রান্নার গ্যাসের দাম বেড়েছিল।

Price Hike Petrol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy